জুড়ীতে নির্বাচনপূর্ব বিএনপি প্রার্থীকে হ/ত্যা/র চেষ্টা ঘটনায় জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মা/ম/লা

February 28, 2026,

আব্দুর রব : জুড়ীতে নির্বাচনপূর্ব মৌলভীবাজার-১ আসেনর বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে হত্যার উদ্দেশ্যে তার বাসা ও নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাংচুরের ঘটনায় জামায়াত ও ১১ দলীয় জোটের প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ১১৮ জনের নামে জুড়ী থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি করেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু। থানার ওসি মিনহাজ উদ্দিন শুক্রবার দুপুরে মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বড়ভাই আতিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, এনসিপির মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন, যুবশক্তির জেলা যুগ্ম সদস্যসচিব জাহিদুল ইসলাম রুমেল, নির্বাচনপূর্ব জামায়াতে যোগদানকারি বড়লেখার সাইদুল ইসলাম, জামায়াত নেতা ও বড়লেখার প্রাইমারি প্রধান শিক্ষক তোফায়েল আহমদ, ইউপি সদস্য ও জামায়াত নেতা শাহেদুল ইসলাম সুমন, জুড়ীর ছাত্র সমন্বয়ক তারেক মিয়া ও সাংবাদিক খোরশেদ আলম প্রমুখ। মামলায় আরও ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদি বিএনপি নেতা মতিউর রহমান চুনু অভিযোগ করেন, ১০ ফেব্রুয়ারি রাতে নির্বাচনি প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও জামায়াত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, তার ভাই আতিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ভোট কিনতে টাকা বিতরণে যান। অনেক জায়গায় টাকা বিতরণকালে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে তারা পালিয়ে আত্মরক্ষা করেন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তারা বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর জুড়ী ক্লাব রোডস্থ বাসা ও প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে জড়ো হয়ে হামলা চালায়। এতে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, বাদি নিজে, নাজমুল ইসলাম, আজমল হোসেন পলাশ, সানসুদ্দোহাসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এসময় আসামিরা নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসা ও ব্যক্তিগত গাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। খবর পেয়ে জুড়ী ইউএনও ও বিজিবির টহল দল ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায় ও পরিস্থিতি শান্ত হয়।

জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন শুক্রবার বিকেলে জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বাদি হয়ে জামায়াতের সংসদ সদস্য প্রার্থীসহ ১১৮ জনের নাম উল্লেথ করে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার রাতে মামলটি তিনি রেকর্ড করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com