মৌলভীবাজার ২ আসনের এমপির বিরুদ্ধে ভুয়া পেইজ থেকে মিথ্যা সংবাদের প্রতিবাদ ও নিন্দা

কমলগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি ‘কুলাউড়া ডটকম’ নামের একটি ভুয়া ফেসবুক পেইজে কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। পোস্টে দাবি করা হয়— এমপির সহযোগিতায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর কুলাউড়া উপজেলা সভাপতি নিয়াজুল তায়েফের জামিনে সুপারিশ করা হয়েছে।
এমপির ব্যক্তিগত সহকারী জানান, দাবিটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। অনুসন্ধানে জানা গেছে, ‘কুলাউড়া ডটকম’ নামের ফেসবুক পেইজটি আদৌ কোনো স্বীকৃত গণমাধ্যম নয়; এটি একটি ভুয়া পেইজ। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির কোনো জামিন এখনো হয়নি।
তিনি আরও বলেন, এর আগেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে একই ভুয়া পেইজ থেকে এমপি শওকতুল ইসলাম শকুসহ সমাজের বিভিন্ন সম্মানিত ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তিকর ও বানোয়াট বক্তব্য প্রচার করা হয়েছিল। ইতোমধ্যে বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত ধানের শীষের বিজয়ী সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। কুলাউড়ার সর্বস্তরের জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া ও বিভ্রান্তিমূলক পোস্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



মন্তব্য করুন