মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষকদের স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিত

March 28, 2026,

স্টাফ রিপোর্টার : কলেজে অনিয়মিত উপস্থিতির অভিযোগ থাকলেও মহান স্বাধীনতা দিবসের মতো রাষ্ট্রীয় কর্মসূচিতেও অনুপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারের ২০ শিক্ষক। এতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও জেলার সচেতন মহলে প্রশ্ন উঠেছে। জাতিগড়ার কারিগর শিক্ষকদের রাষ্ট্রীয় কর্মসূচিতে এমন দায়িত্বহীনতায় উদ্বেগ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুরে সরেজমিন মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে এমন চিত্র দেখা যায়। কলেজের অনুষ্ঠানে তেমন শিক্ষার্থীও উপস্থিত দেখা যায়নি।

অধ্যক্ষ প্রতিবেদককে ৮ জন অনুপস্থিত’র তথ্যদেন। প্রতিবেদক উপস্থিতির স্বাক্ষর সীট সংগ্রহ করলে দেখা যায় ২০জন শিক্ষক অনুপস্থিত। তবে এর মধ্যে বিভিন্ন কারণে ৫জন শিক্ষক ছুটিতে রয়েছেন বলে কলেজ কর্তৃপক্ষ জানান।

জাতীয় দিবসের গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতেও ছুটি ছাড়া অনুপস্থিত ছিলেন- বাংলা বিভাগের প্রভাষক মৌসুমী ঘোষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্রী চয়ন চক্রবর্ত্তী, প্রভাষক তাছলিমা খানম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আদম শফিউল্লাহ, প্রভাষক আজহারুল ইসলাম খান, ইতিহাস বিভাগের (বিভাগীয় প্রধান) অধ্যাপক মো: নুর-এ আলম, প্রভাষক দিদারুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক হযরত আলী, ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো: কামরুল হাসান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মুজাহিদুল ইসলাম, আতিকুর রহমান, রসায়নবিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল হাসানাত, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক ছায়েদা জাহান মৌ, শারমিন আক্তার নীলা এবং শরীরচর্চা শিক্ষক মোসাম্মৎ নুরুন নাহার।

একটি দায়িত্বশীল সূত্র জানায়, কলেজের অধিকাংশ শিক্ষক মাসে ৪/৫ দিন উপস্থিত থাকেন। আবার কেউ কেউ মাস শেষে বেতন বিল তোলতে শুধু কলেজে আসেন। শিক্ষকদের এমন দায়িত্বহীনতায় পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। গত কয়েক বছরের এইচএসসি’র ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থীর ফলাফল খারাপ হয়েছে। আবার অনেকের জিপিএ এসএসসির চেয়ে নিচে নেমে আসে। পাঠদান না হওয়ায় অনার্স, মাষ্টার্স ও ডিগ্রী লেভেলের শিক্ষার্থীরাও ভালো ফলাফল করতে পারছে না। মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ তারিকউজ্জামান ভুইয়া, স্বাধীনতা দিবস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম ও ইংরেজী বিভাগের (বিভাগীয় প্রধান) সহযোগী অধ্যাপক মো: আব্দুল মালিক শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনছুর আলমগীর বলেন, যারা আসেননি রোববারে তাদের শোকজ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com