আমরা গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে মনোনিবেশ করবো-নাসের রহমান

March 28, 2026,

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এমপি বলেছেন, দেশের আগে করা উন্নয়ন কার্যক্রমের বড় অংশই মেগা প্রকল্পে সীমাবদ্ধ থেকে লক্ষ হাজার কোটি টাকার অপচয় হয়েছে। তাই এখন আমাদের  মূল চ্যালেঞ্জ হলো গ্রামীণ অবকাঠামো এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে কার্যকরভাবে মনোনিবেশ করা।

বৃহস্পতিবার ২৬ মার্চ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা  বলেন।

তিনি বলেন, আমরা চাই রুট লেভেল থেকে মানুষের জীবনযাত্রার মানও উন্নয়ন হোক। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন এলাকায় শুরু করেছেন। এসব প্রোগ্রাম বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন হবে। আমাদের লক্ষ্য এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

নাসের রহমান উদাহরণ হিসেবে উল্লেখ করেন, আগের ফ্যাসিস্ট সরকার কর্ণফুলী নদীর মধ্য দিয়ে একটি টানেল নির্মাণ করেছে, যার জন্য ৮৭ হাজার কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু এটি কিয়ামত পর্যন্ত জনগণের কোনো কার্যকর সুবিধা দেয়নি। এটি কোনো টেকসই উন্নয়ন নয়। আমরা সেই সব প্রকল্পে মনোনিবেশ করব, যা সত্যিকার অর্থে টেকসই এবং জনগণের উপকারে আসে। এটি আমাদের উন্নয়ন আইডেন্টিটি, এবং এটাই আমাদের মূল চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমরা টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে যেসব উদ্যোগ সম্ভব, সেগুলোতে পুরো মনোযোগ দিচ্ছি। শুধুমাত্র বড় ও দামী প্রকল্প নয়, রুট লেভেল থেকে জনগণের জীবনমানের উন্নয়ন আমাদের মূল লক্ষ্য।

এ সময় জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ মো: আব্দুল মুকিতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com