জুড়ীতে বজ্রপাতের আগুনে এসএসসি পরীক্ষার্থীর ঘর পুড়ে ছাই

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে বজ্রপাতের ফলে আগুন লেগে সম্পুর্ণ মালামালসহ আব্দুর রব নামের এক ব্যক্তির একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। রবিবার ২৬ এপ্রিল ভোর ৫টায় জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা সরেজমিনে পরিদর্শন করে বলেন, বজ্রপাতের এই আকস্মিক দুর্যোগে গত কয়েকদিন পুর্বে ফুলতলা ইউনিয়নে একজন ব্যক্তির ঘর পুড়ে ছাই হয়ে যায়।আমরা বিএনপি পরিবার তাকে সাধ্যমতো সহযোগিতা করেছি।আজ আব্দুর রব এবং তাঁর পরিবার যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। বিপদের এই মুহূর্তে আমরা আব্দুর রব ভাইয়ের পাশে আছি। আমি নিজে পরিস্থিতি দেখে গেলাম। এই পরিবারকে দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যেই আমি জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুসফিকিন নূর এবং মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু মহোদয়ের সাথে এ বিষয়ে কথা বলেছি। সরকারি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আব্দুর রবের ঘরবাড়ি মেরামত এবং পরিবারটিকে পুনরায় স্বাবলম্বী করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ, খুব শীঘ্রই তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিএনপি নেতা আজাদ উদ্দিন, মহিলা সদস্য রুসনা বেগম সহ স্হানীয় নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আব্দুর রব বলেন, গতকাল রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে টিনের চালার ঘরে ঘুমিয়ে পড়েন। আজ ভোরের দিকে বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে টিনের চালা আগুন লেগে যায়। এরপর শিশুসন্তানদের কোলে নিয়ে দ্রুত স্বামী-স্ত্রী ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা করে। উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আব্দুর রব দাবি করেন, বজ্রপাতের আগুনে তাঁর ঘরে থাকা টাকা, পরনের জামাকাপড়, চাল-ডাল, একটি সাইকেল, চৌকিসহ মালামাল পুড়ে গেছে। তিনি কান্না কন্ঠে আহাজারি করে বলেন,আমার একটি মেয়ে ফারজানা আক্তার তনু জায়ফরনগর উচ্চ বিদ্যালয় হইতে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।তার সকল বই পুড়ে যায়।উপস্থিত মেয়ের পরীক্ষার ক্ষতি নিয়ে আমি চিন্তিত।



মন্তব্য করুন