জুড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১০ মে বিকেলে উপজেলার ক্লাব রোডস্থ খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাক পাণি ভট্টাচার্য্য এবং জুড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান সহ অনেকেই।
জুড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাক পাণি ভট্টাচার্য্য জানান, জুড়ী উপজেলা খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ৬০০ টন এবং আতপ চাল ৪৮ টাকা দরে ৫৮২ টন সংগ্রহ করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার বলেন, প্রকৃত কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
ধান দিতে আসা স্থানীয় শাহাপুর গ্রামের কৃষক মাসুক আহমদ বলেন, বাজারে ধানের দামের তুলনায় সরকারি মূল্য বেশি হওয়ায় আমরা খুশি। তবে সংগ্রহের প্রক্রিয়াটি যেন সহজ হয় এবং হয়রানিমুক্ত থাকে, এটাই আমাদের প্রত্যাশা।



মন্তব্য করুন