জুড়ীতে দুর্নীতিবাজ মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

May 10, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার জুড়ীতে দুর্নীতিবাজ মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১০ মে দুপুরে জুড়ী উপজেলার সচেতন নাগরিক বৃন্দ ও মৎস্যজীবীদের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বেলাগাও গ্রামের বিশিষ্ট সমাজসেবক রেজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমেদ, মো: হাবিব মিয়া, আবু নাঈম, জাবেদ আহমদ, আজিজ মিয়া প্রমুখ।
বক্তারা মানববন্ধনে বলেন, মো: মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে জুড়ী উপজেলায় কর্মরত থাকার সুবাদে হাকালুকি হাওর ও মৎস্য খেকোদের নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে হাওর লুটপাট করে আসছে এবং নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ লোপাট করেছে। বিভিন্ন বিলে সরকারি জলমহাল নীতিমালা অমান্য করে সেচ মেশিন দিয়ে বিল শুকিয়ে মাছ আহরণের মাধ্যমে মৎস্য সম্পদ ধ্বংস করে আসছেন। বছরের পর বছর হাকালুকি হাওরের চাতলা, তুরল ও নাগুয়াবিলসহ বিভিন্ন বিলে প্রকাশ্যে ১০ থেকে ১৫ টি মেশিন দিয়ে বিল শুকিয়ে মৎস্য আহরণ করার অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে প্রশাসন নেয়নি কোন ব্যবস্থা। যার ফলে আরো বেপরোয়া হয়ে ওঠেন মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান।
তিনি দায়িত্ব গ্রহণের পর অবৈধ মৎস্য শিকার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিবর্তে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে তা পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে আসছেন। বক্তারা অবিলম্বে জুড়ীর দুর্নীতিবাজ মৎস্য কর্মকর্তা অপসারণ দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com