এক্স-রে ফিল্ম সংকট নিরসনে এমপি মিঠুর মানবিক সহায়তা, স্বস্তি ফিরেছে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে

May 11, 2026,

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ব্যক্তিগত তহবিল থেকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনের জন্য ফিল্ম প্রদান করেছেন। তাঁর এই মানবিক সহযোগিতায় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে স্বস্তি ফিরেছে এবং সাধারণ রোগীরা আবারও নির্বিঘ্নে এক্স-রে সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

জানা যায়, জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ হাসপাতালের এক্স-রে মেশিনে ফিল্ম সংকটের বিষয়টি এমপি মিঠুর নজরে আনেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি তাৎক্ষণিকভাবে এক্স-রে ফিল্ম সরবরাহের ব্যবস্থা করেন। এতে এক্স-রে ফিল্ম সংকট দূর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার ১১ মে সকাল সাড়ে ১০ টায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্ম হস্তান্তর উপলক্ষে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াল বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সমছু মিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এমপি মিঠুর এ সহযোগিতার প্রশংসা করে বলেন, হাসপাতালের এক্স-রে মেশিনের ফিল্ম সংকটের কারণে রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে আমাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। বিষয়টি জানার পর মাননীয় এমপি মহোদয় অত্যন্ত আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগের ফলে সাধারণ মানুষ আবারও নিরবচ্ছিন্নভাবে এক্স-রে সেবা গ্রহণ করতে পারবেন। আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে এমপি মিঠু বলেন, মানুষের পাশে থাকা এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব। একটি হাসপাতালের গুরুত্বপূর্ণ সেবা শুধু ফিল্ম সংকটের কারণে ব্যাহত হবে, এটি কোনোভাবেই কাম্য নয়। আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে। কারণ চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। একজন অসুস্থ মানুষ যেন সময়মতো পরীক্ষা-নিরীক্ষা করাতে পারে এবং দ্রুত সঠিক চিকিৎসা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, জুড়ী ও বড়লেখার মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাকে মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com