ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন এম নাসের রহমান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধ পরিকর

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তাদের সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, নির্বাচনে সাধারণ মানুষের উন্নয়ন প্রত্যাশা পূরণে তিনি কাজ করে যাচ্ছেন এবং সংসদে জনগণের কথা তুলে ধরতে তিনি অঙ্গীকারবদ্ধ।
মঙ্গলবার ১৪ মে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা কমপ্লেক্সে সদর উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে।
সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে রাস্তা, সেতু, কালভার্টসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয় প্রস্তাব লিখিত আকারে উপজেলা বিএনপির সভাপতির কাছে দ্রুত জমা দিতে হবে। এসব প্রস্তাবের ভিত্তিতেই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণ যে উন্নয়নের প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।
সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাউর রহমান, মো. হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন