জালালাবাদ অ্যাসোসিয়েশন: কুলাউড়ায় ‘কয়েস-আজিজ-মুন্না-রিপন’ পরিষদের পরিচিতি

এস আর অনি চৌধরী : জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার আসন্ন নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় ‘কয়েস-আজিজ-মুন্না-রিপন’ পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ জুলাই পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী ও সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কোনো প্যানেলের পক্ষে নই, আমি যোগ্য প্রার্থীর পক্ষে। যারা সংগঠনকে সময় দিতে পারবেন এবং দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবেন, তারাই নির্বাচিত হয়ে আসবেন এটাই আমার প্রত্যাশা। তিনি কুলাউড়ার উন্নয়ন এবং বৃহত্তর সিলেটের স্বার্থে জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ ও গুণীজনদের সহযোগিতা কামনা করেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা কুতুব উদ্দিন মো. সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বিআইডব্লিউটিএর সদস্য (অতিরিক্ত সচিব) ড. জিয়াউল ইসলাম মুন্না, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। এ ছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক খালিক উদ্দিন, হাবিবুর রহমান টুটো, অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং সদস্য পদপ্রার্থী তাহমিনা আহাদ রোজি। সভার শুরুতে ‘কয়েস-আজিজ-মুন্না-রিপন’ পরিষদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচয় তুলে ধরা হয়।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. জিয়াউল ইসলাম মুন্না বলেন, যারা সংগঠনের জন্য সময় দিতে পারবেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদেরই নির্বাচিত করা উচিত। যোগ্য নেতৃত্বই একটি সংগঠনকে শক্তিশালী করে এবং বৃহত্তর সিলেটের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও অর্থ মন্ত্রণালয়ের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. দেলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপপরিচালক রিপন কবির লস্কর, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা।



মন্তব্য করুন