বড়লেখায় ৫শ’ বছরের চলাচল রাস্তায় গাছ-বাঁশের ডালপালা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

আব্দুর রব : বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘোলসা গ্রামের জনসাধারণের দীর্ঘ প্রায় ৫শ’ বছরের চলাচল রাস্তার ওপর রাস্তা সংলগ্ন পাঁচ বাসিন্দা ময়লা-আবর্জনা, গাছের ও বাঁশের ডালপালা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এব্যাপারে ঘোলসা গ্রামের অর্ধশত ভুক্তভোগি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- ঘোলসা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে সোনাহর আলী, মহব্বত আলী ও এখলাছ আলী, মৃত আব্দুল জলিলের ছেলে নজরুল ইসলাম ও সোনাহর আলীর ছেলে আলী আহমদ।
ভুক্তভোগি বদরুল ইসলাম, রুয়েল আহমদ, আব্দুস সালাম,মুহিতুর রহমান, রোকেয়া বেগম, আব্দুস ছামাদ, ছাদ উদ্দিন প্রমুখ সাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘোলসা গ্রামের রাজারগুল সরকারি রাস্তা হতে পূর্বদিকের সওজ রাস্তা পর্যন্ত প্রায় ৩শ’ মিটার কাচা সংযোগ রাস্তা দিয়ে দীর্ঘ ৫শ’ বছর ধরে গ্রামবাসি চলাচল করেন। এই এলাকার জনসাধারণের এই রাস্তা ব্যতিত যাতায়াতের বিকল্প কোনো রাস্তা নেই। অভিযুক্তরা রাস্তা সংলগ্ন জমির মালিক হওয়ায় তারা রাস্তার ওপর তাদের বসতবাড়ির ময়লা-আবর্জনা, গাছের ডালপালা, গাছ-বাঁশ ফেলে গ্রামবাসির চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামি শিক্ষার্থীরা। ভুক্তভোগিরা রাস্তার প্রতিবন্ধকতা সরানোর অনুরোধ করলে তারা কর্ণপাত করেনি। নিজেরা (ভুক্তভোগিরা) রাস্তার আবর্জনা কিংবা গাছ-বাঁশ অপসারণ করতে গেলে নান ভয়ভীতি ও মামলা মোকদ্দমার হুমকি দেন।
ইউএনও মাহবুব আলম মাহবুব জানান, ভুক্তভোগিদের লিখিত অভিযোগটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারি কমিশনার (ভূমি)’র কাছে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন