মৌলভীবাজারে ‘ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ‘ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ আগস্ট বিকেল ৫টায় জেলা মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা শাহ্ মিসবাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লুৎফুর রহমান কামালী বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন। কিন্তু সেই প্রত্যাশার পূর্ণ প্রতিফলন এখনো দেখা যায়নি। দেশের বিভিন্ন স্থানে জুলুম-নির্যাতন, বৈষম্য এবং ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, এমন পরিস্থিতি দেখার জন্য আমরা জুলাই আন্দোলন করিনি। যে কোনো মূল্যে ফ্যাসিবাদী আচরণ ও আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধ করতে হবে। একই সঙ্গে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাবেক জেলা সভাপতি হোসাইন আব্দুল আউয়াল। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুব মজলিস যেভাবে রাজপথে থেকে সংগ্রাম করেছে, ভবিষ্যতেও কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের বিরুদ্ধে যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে।
সভায় উপস্থিত বিভিন্ন যুব সংগঠনের নেতারা বলেন, দলগত ও আদর্শিক মতপার্থক্য থাকলেও জুলাইয়ের চেতনার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। প্রয়োজনে আবারও রাজপথে নেমে সেই চেতনা সমুন্নত রাখতে তারা কাজ করবেন।
জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম তালহা ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আতিক আল হাসান-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজেদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি এহসান বিন মুজাহির, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক আব্দুল বারী খোবায়েব এবং ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মো. সুমন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের জেলা প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আহমদ যুবায়ের জুয়েল, বায়তুলমাল সম্পাদক মুফতী আইনুদ্দীন আল আজাদ, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম জাহিন, শহর শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ আল আমিন, খেলাফত ছাত্র মজলিসের জেলা দায়িত্বশীল মাজহারুল ইসলাম শাফি, হাদী আলম, মুজাহিদুল ইসলাম ও মোহাম্মদ জামীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন