উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
সোমবার ৭ সেপ্টেম্বর মাদরাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলী ছাহেব কিবলার সাহেবজাদা, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শাহ মো. মোজাহিদ আলী আজমী।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুমিনের হৃদয়ের খোরাক। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। নবীজি (সা.) নিজেও তাঁর জন্মের দিনকে স্মরণ করেছেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তাই মহানবী (সা.)-এর জন্ম ও আগমনের কথা স্মরণ করা, তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করা এবং তাঁর জীবনাদর্শ মানুষের মাঝে তুলে ধরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, মিলাদুন্নবীর মাহফিলের মাধ্যমে নবীজি (সা.)-এর ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে এবং তাঁর সুন্নাহ ও আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো: হাবিবুর রহমান, শিক্ষক মাওলানা ফারুক মিয়া, আব্দুর রকিব, মাওলানা মুজিবুর রহমান, গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য বকসী কাওছার রশীদ, মো. সিরাজুল ইসলাম দুরুদ মিয়া, শেখ জুমেল আহমদ, কয়েছ আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য গিয়াস মিয়া এবং একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।



মন্তব্য করুন