এমপি এম নাসের রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব পেলেন আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমানের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির দুই শীর্ষ নেতা। গত ১৩ সেপ্টেম্বর এম নাসের রহমান এমপি স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে তাদের এই দায়িত্ব প্রদান করা হয়।
এম নাসের রহমানের রাজনৈতিক সচিব (১) হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ আব্দুল মুকিত। তিনি এর আগে জেলা যুবদলের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহসভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এম নাসের রহমানের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্বও সফলভাবে পালন করেন।
অন্যদিকে, রাজনৈতিক সচিব (২) হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম। তিনি এর আগে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
নিয়োগপত্র সূত্রে জানা যায়, এম নাসের রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড দেখভাল করা এবং জেলার সার্বিক রাজনৈতিক কার্যক্রমে উপদেশ ও সহযোগিতা প্রদানের জন্যই এই দুই অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের অনুলিপি ইতোমধ্যে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি ও আহ্বায়কদের কাছে পাঠানো হয়েছে।
দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই দুই নেতার অন্তর্ভুক্তি এম নাসের রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডে সমন্বয় আরও বহুগুণ বাড়িয়ে দেবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে।



মন্তব্য করুন