পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান-সিলেট রেঞ্জের ডিআইজি

September 19, 2026,

স্টাফ রিপোর্টার : সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে এসে পুলিশ সদস্যদের প্রতি এ আহ্বান জানান।

সফরকালে তিনি জেলা পুলিশের সদস্যদের সঙ্গে কল্যাণ সভায় অংশগ্রহণের পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১১টায় ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

পরে সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও প্রস্তাব রেঞ্জ ডিআইজির কাছে তুলে ধরেন। তিনি তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ায় বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভা শেষে তিনি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি নীম গাছ এবং পুলিশ সুপারের কার্যালয়ে একটি আম গাছের চারা রোপণ করেন।

বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রেঞ্জ ডিআইজির সভাপতিত্বে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানা ও ইউনিট ইনচার্জদের অংশগ্রহণে মতবিনিময় ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায়  ডিআইজি সকলের সাথে পরিচিত হন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, আসন্ন দুর্গাপূজা, স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, ডিএসবির ডিআইও-১ আবুল কাশেম সরকারসহ মৌলভীবাজার জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com