শ্রীমঙ্গলে খাটের নিচ থেকে ১৬ ফুট দৈর্ঘ্যরে অজগর উদ্ধার

September 19, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় ঘরের খাটের নিচ থেকে ১৬ ফুট দৈর্ঘ্যরে অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মিতালি ডেকোরেটার্স এর মালিক হারুন মিয়ার বাসায় ঘুমাতে যাওয়ার সময় খাটের নিচ থেকে হঠাৎ শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে খাটের নিচে তাকিয়ে তারা বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা ডাক্তার প্রলাদকে ফোন করে বিষয়টি জানান। তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বেশি রাত হওয়ায় সাপটি উদ্ধার করার জন্য অনুরোধ করেন। এ সময় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়েই ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।

পরে ঘটনাস্থলে খাটের নিচ থেকে বিশাল আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি। পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সাম্প্রতিক সময়ে একের পর এক সাপ লোকালয়ে চলে আসায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন। মানুষের বসতবাড়ি ও আশপাশের এলাকায় সাপের উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও বাড়ছে। এ পরিস্থিতিতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com