মৌলভীবাজারে বিশ্ব জ/লাত/ঙ্ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘একসাথে, আরো শক্তিশালী— জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার ২৮ সেপ্টেম্বর জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের (সদর) ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: সবুজ সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন দপ্তরের উপপরিচালক ডাঃ আব্দুর রহিম মিয়া এবং জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ নিরোধ চন্দ্র সরকার। এছাড়া জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় খামারিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মো: আশরাফুল আলম খান বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা মূলত আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। তবে সঠিক সময়ে সচেতনতা ও সঠিক পদক্ষেপ নিলে জলাতঙ্ক শতভাগ প্রতিরোধ করা সম্ভব। সচেতনতাই এর মূল সুরক্ষা।
অনুষ্ঠানে জলাতঙ্ক প্রতিরোধে কয়েকটি জরুরি নির্দেশনা তুলে ধরা হয়: পোষা কুকুর ও বিড়ালকে নিয়মিত জলাতঙ্কবিরোধী টিকা দেওয়া, অচেনা বা অসুস্থ প্রাণী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, কামড় বা আঁচড় লাগলে সাথে সাথে টানা ১৫ মিনিট সাবান ও পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে ফেলা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।
পরিশেষে, সভাপতি ডাঃ সবুজ সূত্রধর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও জলাতঙ্ক মুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



মন্তব্য করুন