মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৪ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম মূয়ন, জেলা পরিষদ প্রশাসক মো: মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, জেলা পূজা উদ্যাপন ফ্রন্ট এর আহবায়ক এডভোকেট শুনিল কুমার দাশ, জেলা জামায়েতে ইসলামীর সেক্রেটারী ইয়ামির আলী প্রমুখ।
সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সুনিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বছর জেলার ৭টি উপজেলা সার্বজনীন ও ব্যক্তিগত মিলে সর্বমোট ১০১৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন