ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জামায়াতের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৪ অক্টোবর সকালে কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরের চৌমুহনা, কোর্ট রোড ও এম সাইফুর রহমান রোডে লিফলেট বিতরণ করা হয়।
দেওয়ানী মসজিদের সম্মুখে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী। কার্যক্রম ১০ অক্টোবর পর্যন্ত চলবে।
উদ্বোধনী বক্তব্যে জেলা আমীর বলেন, এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারকে নিবিড়ভাবে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই দেশব্যাপী জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে রাষ্ট্রকে আরো বেশি জনবান্ধব হতে হবে।
জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ, শহর শাখা শিবিরের সেক্রেটারি মো: মোস্তাকিম আলী, সদর উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল আলী প্রমুখ।
পরে নেতৃবৃন্দ শহরের বিভিন্ন দোকানে, যানবাহনে ও পথচারী সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রায় ৫ শতাধিক লিফলেট বিতরণ করেন। মানুষ আগ্রহ নিয়ে লিফলেট গ্রহণ করেন ও জামায়াতের এ কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়।



মন্তব্য করুন