অপরাধ দমনে রাতভর পাহারায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা, জুড়ীতে চেকপোস্টে নজরদারি জোরদার

জুড়ী প্রতিনিধি : রাতের আঁধারে অপরাধ দমনে জুড়ী উপজেলায় রাতভর পাহারা ও চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে। গরু-মহিষ চুরি, চোরাচালান, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সচেতন নাগরিকরা মাঠে নেমেছেন।
রাত জেগে এই পাহারায় নেতৃত্ব দিচ্ছেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা এবং জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। জুড়ী নাইট চৌমুহনী, মানিক সিংহ বাজার, ভূয়াইবাজার, কাপনা পাহাড় পয়েন্ট, ভবানীগঞ্জ বাজার চৌমুহনীসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ২৫ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা ও জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম একদল পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে গাড়িতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তাঁরা চেকপোস্টের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাহারা ও পরিদর্শন কার্যক্রমে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইছহাক আলী, জুড়ী উপজেলা বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি দেওয়ান ইকরাম সৌমিক, সমাজকর্মী টিপু আহমেদ, ইউপি সদস্য জাকির হোসেন, আনোয়ার হোসেন, তানভীর খা-সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ অংশ নেন।
হাজী মাছুম রেজা বলেন, জুড়ী উপজেলার মানুষের জানমাল রক্ষা এবং চুরি, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে আমরা সবাই মিলে রাতভর পাহারা দিচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি স্থানীয় মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা চাই, জুড়ীর মানুষ নিরাপদে বসবাস করুক।
জুড়ী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। চুরি, চোরাচালান, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ কাজে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয়দের প্রত্যাশা, রাতভর পাহারা, পুলিশের টহল ও চেকপোস্টে নজরদারি জোরদারের ফলে অপরাধীদের তৎপরতা কমবে এবং জনমনে নিরাপত্তা ও স্বস্তি ফিরে আসবে। অপরাধমুক্ত জুড়ী গড়তে পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা।



মন্তব্য করুন