বড়লেখায় একটি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা দেড়মাস ধরে পাঠ্যবই ছাড়াই ক্লাস করছে

February 17, 2018,

আবদুর রব॥ বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আইডিয়াল একাডেমির ৭৪ ক্ষুদে শিক্ষার্থী দেড় মাস ধরে পাঠ্যবই ছাড়াই ক্লাসের লেখাপড়া করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের ৯৭ সেট সরকারী বই বরাদ্দ দেয়। কিন্তু১ জানুয়ারী বই বিতরণের পুর্ব মুহুর্তে রহস্যজনকভাবে শিশু শিক্ষার্থীদের সামনে থেকে বইগুলো ফেরৎ নেয়ায় উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এতে ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বললেন, রাজনৈতিক কারণে বইগুলো দেয়া যাচ্ছে না।

জানা গেছে, জানা গেছে, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ব্যক্তির পৃষ্ঠপোষকতায় বড়লেখায় শাহবাজপুর আইডিয়াল একাডেমি প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে শাহবাজপুর বাজার সংলগ্ন একটি মাকের্টে একাডেমির কার্যক্রম শুরু হয়। ২০১৮ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক শ্রেণী কার্যক্রম শুরু করার লক্ষে আধুনিক ও যুগোপযোগী পাঠদানে সক্ষম ৬ জন শিক্ষক নিয়োগ দিয়ে নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি করা হয়। দূরের ছাত্রছাত্রীদের জন্য যানবাহনেরও ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের বিনামূল্যের সরকারী পাঠ্যবইয়ের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২৮ ডিসেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস একাডেমির চাহিদাপত্র অনুযায়ী ৯৭ সেট নতুন বই সরবরাহ করে।

এরপর ১ জানুয়ারি সকালে স্কুল প্রাঙ্গণে বই উৎসবের আয়োজন করা হয়। কিন্তু ৩১ ডিসেম্বর মধ্যরাতে অদৃশ্য শক্তির ইশারায় উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল একাডেমি কর্তৃপক্ষকে টেলিফোনে জানান, ১ জানুয়ারি বই বিতরণ করা হবে না। তার এ নির্দেশে অনেকটা ভেঙ্গে পড়েন একাডেমির শিক্ষকবৃন্দ। একপর্যায়ে সহকারি শিক্ষা কর্মকর্তা নিজে গিয়ে একাডেমিকে দেয়া বই ফেরৎ নিয়ে পাশর্^বর্তী সায়পুর প্রাইমারী স্কুলে নিয়ে জমা রাখেন। ক্ষুদে শিক্ষার্থীদের সামনে থেকে সরকারী পাঠ্যবই উঠিয়ে নেয়ার নজির বিহীন এ ঘটনায় উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি শিক্ষা অফিসের কর্মকর্তাদের আচরণে সচেতন মহলে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়।

সরেজমিন শাহবাজপুর আইডিয়াল একাডেমিতে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ শিক্ষার্থী সরকারের দেয়া নতুন পাঠ্যবই ছাড়াই শুধু খাতা কলম নিয়ে ক্লাস করছে। অভিভাবকদের কেউ কেউ বিশেষ ব্যবস্থায় তাদের সন্তানদের জন্য কিছু সরকারী বই সংগ্রহ করেছেন। শ্রেণীশিক্ষক ইমদাদুর রহমান সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, শিক্ষা অফিস থেকে নতুন বই দেয়া হলে ছাত্রছাত্রীরা পড়ালেখায় আরো বেশি অনুপ্রাণীত হবে।

প্রথম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলামের বাবা সেবুল আহমদ জানান, বর্তমান সরকার জাতিকে সুশিক্ষিত করতে নতুন বই, নানা বৃত্তি প্রদান করছে। এ কারণে আমরা উদ্বুদ্ধ হয়ে ছেলেমেয়েদের স্কুলে দিচ্ছি। অথচ বছরের দেড় মাস সময় পেরিয়ে গেছে, আমার সন্তান এখনো নতুন বই পায়নি। হতাশার সুরে তিনি বলেন, শিশুর সামনে থেকে বই কেড়ে নেয়া হলো, এটি কি একটি শিশুর শিক্ষা গ্রহণের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার ঘটনা নয় নয় ?

পঞ্চম শ্রেণির ছাত্রী শায়িরা সুলতানা রাইশার মা আয়েশা হান্নান জানান, আমরা শিক্ষা নিয়ে কোন রাজনীতি দেখতে চাইনা। প্রধানমন্ত্রী বললেন সবাই নতুন বই পাবে, কিন্তু এখনো আমার মেয়ে পেলোনা কেন ? তিনি বই না পেয়ে মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, তিনি আওয়ামী লীগ করেন। এ একাডেমিও প্রতিষ্ঠা করেছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বিশে^র নজর কেড়েছেন। শিক্ষার্থীদের কাছ থেকে পাঠ্যবই কেড়ে নিয়ে যারা প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তাদের বিচার হওয়া উচিত।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারহানা আক্তার জানান, সকল শিক্ষার্থীর জন্য ৯৭ সেট সরকারী পাঠ্যবই গত ২৮ ডিসেম্বর স্কুলে পৌছে। কিন্তু বই বিতরণের পূর্বে হঠাৎ করে শিক্ষা অফিস তা সরিয়ে নিয়েছে। এ ঘটনায় শিক্ষক, অভিভাবক ও  শিক্ষার্থীরা মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। আমরা আশা করেছিলাম কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষা অফিস ফেরৎ নেয় বইগুলো পুণরায় প্রদান করবে। কিন্তু দেড়মাস পরও বই না পাওয়ায় বিনা বইয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরবিন্দ কর্মকার জানান, আইডিয়াল একাডেমিকে সরকারী পাঠ্যবই সঠিকভারেই বরাদ্দ দেয়া হয়। কিন্তু এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা অফিস স্কুল থেকে বই সরিয়ে নিতে বাধ্য হয়। রাজনৈতিক কারণে বইগুলো দেয়া যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com