বড়লেখায় গোয়ালঘর পুড়ানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা

July 15, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় ফৌজদারী মামলা দিয়ে আসামীদের গোয়ালঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৫ জুলাই রোববার ভুক্তভোগী মকবুল আলী প্রতিপক্ষের ৬ ব্যক্তির বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা করেন (মামলা নং-১৫৪/১৮)। তদন্তপুর্বক ব্যবস্থা নিতে আদালত থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

 এলাকাবাসী সুত্রে জানা গেছে, পৌরশহরের পানিধার এলাকার মন্তাজ আলী, মনোহর আলী গংদের সাথে মকবুল আলী, সমসিদ আলী, বশারত আলী, ওয়াহিদুজ্জামান গংদের ভুমির বাটোয়ারা নামা সংক্রান্ত মামলা মোকদ্দমা চলছে। মকবুল আলীর প্রায় ৫০ বছরের ভোগাধিকারকৃত ১ একর কৃষি জমিতে শনিবার চাষাবাদ করতে গেলে মন্তাজ আলী, মনোহর আলী গংরা বাঁধা দেন। মকবুল আলী গংরা বাঁধা না মানায় মন্তাজ আলী গংদের পরিবারের পুরুষ-মহিলা সদস্যরা জমিতে নেমে গায়ে কাদা মাখিয়ে মকবুল আলী গংদের বিরুদ্ধে থানায় ফৌজদারী মামলা দায়ের করে।

মকবুল আলী অভিযোগ করেন তাদের ৬ জনের বিরুদ্ধে মন্তাজ আলী থানায় মিথ্যা মামলা দিয়ে তার ভাই মনোহর আলী গংরা রাতে তার গেয়ালঘর পুড়িয়ে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

মন্তাজ আলী জানান, ওই জমি এবার আমরা চাষাবাদ করার কথা। কিন্তু মকবুল আলী গংরা চাষাবাদ শুরু করলে আমরা বাঁধা দিতে গেলে তারা আমাদেরকে মারধর করে। আমাদের পক্ষের এক মহিলা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর জানান, মন্তাজ আলী গংদের রুজু করা মামলার আসামীদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে।

বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট গোপল দত্ত অগ্নিকান্ডের ঘটনায় আদালতে পিটিশন মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপুর্বক ব্যবস্থা নিতে আদালত থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com