বড়লেখায় পুলিশ-ডাকাত সংঘর্ষ ১৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ২ ডাকাত গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ডাকাতির প্রস্তুতিকালে ১৯ জুলাই বৃহস্পতিবার রাতে জনতার সহায়তায় পুলিশ ২ ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় আরো ৮-১০ ডাকাত পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছে কমলগঞ্জ উপজেলার কালিপুর গ্রামের সুলেমান মিয়া (৩৬) ও বড়লেখার গজভাগ গ্রামের আজগর আলী (৪৭)। তাদেরকে আটক করতে গেলে ডাকাতরা পুলিশের ওপর পাল্টা হামলা চালালে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এঘটনায় এসআই অমিতাভ দাস তালুকদার বাদী হয়ে থানায় মামলা হয়েছে।
বড়লেখা খানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর ১৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের সত্যতা স্বীকার করেছেন।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নে রাষ্ট্রীয় চা বাগান নিউ সমনবাগের ম্যানেজার বাংলায় ডাকাতির জন্য সঙ্গবদ্ধ ডাকাত দল নিউ সমনবাগ ও রশিদাবাদ চা বাগানের মধ্যবর্তী নির্জন স্থানে অবস্থান করার গোপন সংবাদ পায় পুলিশ। রাত পৌনে ১২ টার দিকে ওসি মোহাম্মদ সহিদুর রহমান ও ওসি (তদন্ত) দেবদুলাল ধরের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় জনতার সহায়তায় তাদেরকে ঘিরে ফেললে তারা পুলিশের ওপর পাল্টা হামলা চালায়। এসময় পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে ২ ডাকাতকে গ্রেফতার করে।
বড়লেখা খানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর দুই ডাকাতকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এসময় পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সম্প্রতি এরা জেল থেকে ছাড়া পেয়েছে। যারা পালিয়েছে তারাও কুখ্যাত ডাকাত। পুলিশ এদের নাম পরিচয় পেয়েছে। দ্রুত গ্রেফতারের চেষ্ঠা চালাচ্ছে।



মন্তব্য করুন