বড়লেখায় স্কুলছাত্রী ধর্ষণ মামলা : ধর্ষকের চাচা জামিনে বেরিয়ে বাদীকে হুমকি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে পৃথক মামলা

July 28, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় দরিদ্র স্কুলছাত্রী (১৫) ধর্ষিত হওয়ার ২ মাস অতিবাহিত হলেও ধর্ষক আলাউদ্দিনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ধর্ষিতার বাবার করা ধর্ষণ মামলার ২ ও ৩ নম্বর আসামী লম্পট আলাউদ্দিনের চাচা সাইম উদ্দিন ও নাজিম উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। সম্প্রতি জেল থেকে জামিনে বেরিয়ে তারা সাঙ্গপাঙ্গ নিয়ে ধর্ষিতা স্কুলছাত্রীর বাবা-মাকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি-ধমকি হামলা চালাচ্ছে। এব্যাপারে ধর্ষিতার বাবা জেল ফেরৎ ২ আসামীসহ মোট ৫ জনের বিরুদ্ধে ২৬ জুলাই বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন।
জানা গেছে, সুজানগর ইউপির দক্ষিণ পাটনা গ্রামের দরিদ্র পরিবারের কিশোরী ও স্থানীয় সোনাতোলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে গ্রামের আমির উদ্দিনের বখাটে ছেলে আলাউদ্দিন (১৯) ঘরে ঢুকে ভয় দেখিয়ে জোরপুর্বক তাকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ধর্ষিতার চিৎকারে পাশের বাড়ির লোকজন জড়ো হয়ে আলাউদ্দিনকে আটক করেন। পরে লম্পট আলাউদ্দিনের চাচা নাজিম উদ্দিন ও সাইম উদ্দিন আটককারীদের ঠেলা ধাক্কা দিয়ে তাকে ছিনিয়ে নে। এ ঘটনায় ধর্ষিতার বাবা ধর্ষক আলাউদ্দিন, তার চাচা নাজিম উদ্দিন ও সাইম উদ্দিনকে আসামী করে থানায় ধর্ষণ মামলা করেন। গত ৮ জুন পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়। গত ১৬ জুলাই তারা জামিনে বের হন। ২০ জুলাই বাড়ির পাশের রাস্তায় ধর্ষিতার বাবাকে জেল ফেরৎ নাজিম উদ্দিন ও সাইম উদ্দিন কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা চালায়। এসময় প্রতিবেশিরা তাকে রক্ষা করেন। ধর্ষিতা স্কুলছাত্রীর বাবা মাহতাব উদ্দিন জানান, ঘটনার পর থেকে মুল হোতা গ্রেফতার না হওয়ায় প্রায় ২ মাস ধরে তার মেয়ে স্কুলে যাচ্ছে না। জামিনে বেরিয়ে আসামীরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। তাদের ভয়ে পরিবার নিয়ে তটস্থ রয়েছেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গত বৃহস্পতিবার নাজিম উদ্দিন, সাইম উদ্দিন তাদের সহযোগী ময়নুল ইসলাম, পরি বেগম ও লায়লা বেগমকে আসামী করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন।
আদালতের পেশকার নাজির উদ্দিন জানান, মাহতাব উদ্দিনের ৭ ধারা মামলায় আদালত আসামীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com