বড়লেখায় মিনিবাস-অটোরিক্সার সংঘর্ষ : নিহত ১ আহত ৫

August 26, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলায় পর্যটকবাহী মিনিবাস ও সিএনজি চালিত আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৫ আগষ্ট বিকেল ৫টার দিকে কাঠালতলী-মাধবকুন্ড সড়কে এ ঘটনাটি ঘটে। আটোরিকশা চালক রাজু আহমদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও ৫ জন যাত্রী। পবিত্র ঈদ উপলক্ষে শনিবার দুপুরে আটোরিক্সা চালক রাজু আহমদ ও তাঁর বন্ধুরা মিলে সিএনজি চালিত অটোরিকশাযোগে মাধবকুন্ড জলপ্রপাতে বেড়াতে যান। সেখান থেকে বিকেল ৫টার দিকে ফেরার পথে কাঠালতলী-মাধবকুন্ড সড়কের ব্যবসায়ী আব্দুল আহাদ মিয়ার বাড়ির সামনে সিলেটের জৈন্তাপুর থেকে আসা পর্যটকবাহী মিনিবাসের সাথে আটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটোরিকশা চালক রাজু আহমদসহ ৬ জনই গুরুতর আহত হন। রাজু আহমদ ও জাকির হোসেনকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। আহতরা হচ্ছেন- নিহত রাজুর বন্ধু জুড়ী উপজেলার কালিনগর গ্রামের জাকির হোসেন (১৯), এনাম উদ্দিন (২৫), শাকিল আহমদ (১৭), সাইদুল ইসলাম (১৬) ও সামছুল ইসলাম (১৬)। নিহত রাজু জুড়ী উপজেলার কালিনগর গ্রামের নেছার আলীর ছেলে। তাদেরকে জুড়ী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার বলেন, নিহত রাজু আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ মিনিবাসটি আটক করলেও চালক পালিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com