বড়লেখায় ভয়াবহ অগ্নিকা- : প্রবাসির  বসত বাড়ি পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

January 23, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় মঙ্গলবার রাতে দুবাই প্রবাসীর বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকা- সংগঠিত হয়েছে। এলাকাবাসী ও দমকল বাহিনী দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রবাসীর চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী প্রবাসী পরিবারের দাবী পূর্বশত্রুতার জেরে কেউ আগুন ধরিয়ে দিতে পারে।

সরেজমিন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পূর্ব-হাতলিয়া গ্রামের দুবাই প্রবাসি মফিজ মিয়ার বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ন’টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এসময় বাড়িতে কেউ ছিলেন না। মুহুর্তেই প্রবাসীর চারটি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা আগুনের লেলিহান শিখা দেখে এগিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত এর আগেই মালামালসহ বাড়ির চারটি কক্ষ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রবাসি মফিজ মিয়ার চাচাতো ভাই আব্দুল লতিফ জানান, অগ্নিকান্ডে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জেরে কেউ এ ঘটনাটি ঘটাতে পারে।

 এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই উপজেলা চেয়ারম্যান এবং থানার ওসি মো. ইয়াছিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বড়লেখা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহ জানান, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ শত্রুতাবশত কেউ আগুন ধরিয়ে দিতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com