ফলোআপ: বড়লেখায় খাসিয়াদের ঘর পোড়ানো ও পানগাছ কর্তনের ঘটনায় থানায় মামলা

January 23, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউপির নালিখাই পুঞ্জিতে (ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের গ্রাম) আগুনে তিনটি বসতঘর পোড়ানো এবং পানগাছ কর্তনের ঘটনায় সোমবার রাতে বড়লেখা থানায় মামলা হয়েছে।

পুঞ্জির বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নালিখাই পুঞ্জির টিলাভূমিতে খাসিয়া সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। পানচাষ করে তাদের জীবিকা চালায়।

১৯ জানুয়ারি গভীর রাতে পুঞ্জির বাসিন্দা অচিন পাত্রের ঘরে প্রথমে আগুন লাগে। এরপর পার্শ্ববর্তী টিলার এজু চিছাম ও ইনাত মুরংয়ের ঘরেও আগুন লাগতে দেখা যায়। ঘরগুলো উচু টিলায় থাকায় সেখানে পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। ফলে তিনটি ঘরই পুড়ে ছাই হয়ে যায়। ওই রাতেই দুর্বৃত্তরা পুঞ্জির জুমের চার শতাধিক পানগাছের গোড়াও কেটে ফেলে। সোমবার রাত আটটার দিকে পুঞ্জির বাসিন্দা প্রবিতা দিও বাদী হয়ে স্থানীয় ছোটলেখা চা-বাগানের সহকারী ব্যবস্থাপক শাকিল আলম, বাগানের বাসিন্দা সোহেল মিয়া, আক্তার মিয়া, হাকিম মিয়া, বাবুল মিয়া, নানু মিয়া, সুজন বুনার্জি, সাইফুল রহমান, সেলিম মিয়া ও ভেলাই মিয়ার নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা করেন। এজাহারে বলা হয়, ছোটলেখা বাগানের সঙ্গে নালিখাই পুঞ্জির নানা বিষয়ে বিরোধ চলছে। বাগানের লোকজন পুঞ্জিতে পাকা ঘর নির্মাণ করতে দিচ্ছে না। রাস্তা বন্ধ করে ইট আনতে বাধা দিয়েছে। এ কারণে খাসিয়াদের উচ্ছেদের উদ্দেশে ঘরে আগুন দেয়া ও পানগাছ কেটে ফেলা হয়েছে।

পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) টলবি লামিন জানান, ‘ ঘর পুড়িয়ে দেয়ায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এটার ন্যায়বিচার চাই। অপরাধীদের শাস্তি চাই।’

বড়লেখা থানার ওসি মোহাম্মদ ইয়াছিনুল হক, খাসিয়াপুঞ্জির ঘর জ্বলা ও পান গাছ কাটার ঘটনায় থানায় মামলা হওয়ার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সম্পর্কে ছোটলেখা চা-বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ মোকারাম হোসেন জানান, ১৪ জানুয়ারি পুঞ্জির কিছু লোক কাঁধে করে বাগানের রাস্তা দিয়ে ইট নিয়ে যাচ্ছিলেন। তারা বাগানের কারও অনুমতি নেয়নি। অথচ, বাগানের জমি জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নেয়া। সেই অর্থে জমির মালিক সরকার। বাগানের চৌকিদার ইট বহনকারী লোকজনকে বাধা দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে তারা চৌকিদারকে মারধর করে। এ বিষয়ে বাগানের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছিল। এরপর খাসিয়াদের ঘরে আগুন লাগা ও পানগাছ কাটার ঘটনাটি ঘটে। এটা পরিকল্পিত না অন্য কিছু সেটা বুঝা যাচ্ছে না। তবে বাগানের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না। সোমবার ২১ জানুয়ারি এ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com