পরিবেশ সংরক্ষণ করতে হলে বন সংরক্ষণ করতে হবে : চট্টগ্রামে বন গবেষণা ইন্সটিটিউট পরিদর্শনকালে— পরিবেশ মন্ত্রী

April 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ সংরক্ষণ করতে হলে বন সংরক্ষণ করতে হবে চট্টগ্রামে বন গবেষণা ইন্সটিটিউট পরিদর্শনকালে পরিবেশ মন্ত্রী  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিবেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন সংরক্ষণ করতে হবে। বনজ বৃক্ষের সাথে সাথে বেশি পরিমাণ ফলদ বৃক্ষও রোপন করতে হবে। সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন ও এসডিজি কার্যকর করার লক্ষে সবাইকে একযোগে  কাজ করতে হবে। বনের সুরক্ষা করতে না পারলে বাংলাদেশে বসবাস করা সম্ভব হবে না। আমি চাই বাংলাদেশ বন গবেষনা ইন্সটিটিউট (বিএফআরআই) তাদের উন্নত ও অত্যাধুনিক গবেষণার মাধ্যমে বন সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখবে। সরকার এই গবেষণাগারের সুবিধা দেখতে চায়। মন্ত্রী আজ চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে যে সকল বৃক্ষ আমাদের পরিবেশ থেকে হারিয়ে গেছে গবেষণার মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে। জনগণকে  গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে। যে কোন অনুষ্ঠানে প্রিয়জনকে গাছের চারা উপহার দেয়ার জন্য মন্ত্রী জনগণকে আহ্বান জানান। তিনি আরো বলেন, বাঁশ দিয়ে যে সব আসবাবপত্র তৈরি হয় তা সত্যি একটি শৈল্পিক উদ্ভাবন। আপনারা বাঁশের যে আসবাবপত্র তৈরি করেছেন তা প্রশংসার যোগ্য। সাধারণ জনগণ জানবে বাঁশ দিয়ে উন্নতমানের আসবাবপত্র তৈরি করা সম্ভব।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি আজ উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি,  পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব আলমগীর মুহাম্মদ মনসুর আলমসহ বিএফআরআই পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বেশ কিছু গাছের চারা রোপন করেন। এর মধ্যে রয়েছে বৈলাম, মহুয়া, ধুপ ও চাম্পা। বিএফআরআই এর পরিচালক ড. খুরশিদ আক্তার এর সভাপতিত্বে বিএফআরআই এর মূখ্য গবেষণা কর্মকর্তা ড. মো. মাসুদুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় বিএফআরআইয়ের পরিচালক ড. খুরশিদ আক্তার বিএফআরআইয়ের গবেষণা কার্যক্রমের তথ্যচিত্র তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com