বড়লেখায় ক্লিনিকের মেরামত কাজে অনিয়মের অভিযোগ

May 9, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় দুইটি সরকারী কমিউনিটি ক্লিনিকের মেরামত কাজে চরম অনিয়ম চলছে। ক্লিনিক দুইটির ভুমি সিএইচসিপি, দাতা, পরিচালনা কমিটির সভাপতিসহ স্থানীয় লোকজন মেরামত কাজে ঠিকাদারের অনিয়মের বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলীকে বারবার অভিযোগ দিয়েও কোন সুফল পাননি। এতে তাদের ধারণা নিুমানের কাজের ব্যাপারে সংশি¬ষ্ট প্রকৌশলীর সাথে ঠিকাদারের গোপন আতাত রয়েছে।
জানা গেছে, বড়লেখার তালিমপুর ইউপির গগড়া ও গলগজা কমিউনিটি ক্লিনিকের মেরামত কাজের জন্য প্রায় ১০ লাখ টাকা বরাদ্দ প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উক্ত কমিউনিটি ক্লিনিক দুইটির মেরামত কাজের টেন্ডার পায় সিলেটের ‘ছামেলি এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত ২৫ এপ্রিল ঠিকাদারের লোকজন গগড়া ও গলগজা কমিউনিটি ক্লিনিকের মেরামত কাজ শুরু করেন। সরেজমিনে গেলে গগড়া কমিউনিটি ক্লিনিকের ভুমিদাতা গনেশ চন্দ্র দাস, সভাপতি ও স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিবেকানন্দ দাস ও সিএইচপিসি বিনীত চন্দ্র দাস জানান, ১৯৯৭ সালে নির্মিত এ ক্লিনিকটি অত্যন্ত জরাজীর্ণ। ছাদ ছুয়ে পানি পড়ে, দেয়ালে অসংখ্য ফাটল। ষ্টীলের দরজা-জানালা ভেঙ্গে গেছে ও ছিদ্র দেখা দিয়েছে। ঠিকাদারের লোকজন দেয়াল ও দরজা-জানালার ভাঙ্গা ও ছিদ্র মেরামত না করে, শিরিষ না ঘষেই পুরাতন ময়লা ও মরিচার ওপর রং দেয়া শুরু করে। ফ্লোর চিপিং না করে পুরাতন নেট ফিনিসিংয়ের ওপর টাইলস বসালে আমরা ফ্লোর চিপিং করতে বলি। কিন্তু আমাদের কথা না শুনেই মিস্ত্রীরা কাজ চালিয়ে যায়। বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সফিকুর রহমানকে বারবার জানানো স্বত্তেও তিনি কোন পদক্ষেপ নেননি এবং কাজের সাইট দেখতেও আসেননি। তারা অভিযোগ করেন প্রকৌশলীর সাথে অবশ্যই ঠিকাদারের আতাত রয়েছে। নতুবা তিনি কেন কাজের সাইট তদারকি করেননি। ঠিকাদার যাচ্ছেতাই কাজ করে যাচ্ছে আর তিনি অভিযোগ পেয়ে গুরুত্ব দেননি। এদিকে গলগজা কমিউনিটি ক্লিনিকের মেরামত কাজেও একই অনিয়ম চলতে দেখা গেছে। সিএইচপিসি মধুছন্দা পুরকায়স্থ ও ভুমি দাতা তুতিউরি রহমান অভিযোগ করেন ফ্লোর চিপিং না করে পুরাতন নেট ফিনিসিংয়ের ওপর টাইলস বসানোর কারণে অল্প দিনেই এগুলো উঠে যাবে। দেয়ালের পুরাতন ফাংগাসের ওপর রং দেয়ায় এগুলোও টিকবে না। নিয়ম অনুযায়ী কাজ করার কথা বললে ঠিকাদারের লোকজন জানায় তারা যেভাবে নির্দেশ পেয়েছে সেভাবেই কাজ করছে।
ঠিকাদারের সাইট ম্যানেজার উত্তম কুমার জানান, সঠিকভাবেই মেরামত কাজ করছেন। বেশি কিছু জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠান ছামেলি এন্টারপ্রাইজের সিলেট হেড অফিসে গিয়ে জানতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন জানান, গগড়া ও গলগজা কমিউনিটি ক্লিনিকের মেরামত কাজে অনিয়মের ব্যাপারে তিনি সংশি¬ষ্ট প্রকৌশলীর সাথে কথা বলবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com