বড়লেখায় ভাঙ্গনের কবলে  রাস্তা : দুর্ঘটনার আশংকা

May 15, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় গ্রামীণ একটি রাস্তা সংলগ্ন গভীর ছড়া (নালা) প্রবাহমান থাকায় ভাঙ্গনের কবলে পড়েছে ওই রাস্তাটি। অব্যাহতভাবে ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় যেকোন সময় দুর্ঘটনার আশংকা রয়েছে। এ রাস্তায় চলাচলকারীরা ভাঙ্গন রোধে ছড়ার পাশে দ্রুত গার্ড ওয়াল নির্মাণের দাবী জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার দাসেরবাজার-বর্নি ইউপি রাস্তার উজিরপুর সনতের দোকান হতে গোদাম বাজার পর্যন্ত এলজিইডি পাকা রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করেন। এ রাস্তার পশ্চিম পাশ দিয়ে একটি ছড়া (কানিগাং) বহমান রয়েছে। বর্ষায় সোনাই নদীর ঢলের পানিও এ ছড়া দিয়ে হাকালুকি হাওরে পতিত হয়। এসময় পানির তোড়ে রাস্তায় ভাঙ্গন দেখা দেয়। গত ২-৩ বছরে বর্নি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিকের সস্মুখসহ রাস্তার বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। পানির স্রোতে ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। এতে হালকা যানবাহন ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তা রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সাইফুজ্জামান সারোয়ার জানান, ছড়া সংলগ্ন প্রায় ৩০০ মিটার রাস্তায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। কিছু স্থানে তিনি বাঁশের গড় দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা চালিয়েছেন। দ্রুত গার্ড ওয়াল নির্মাণের উদ্যোগ না নিলে গুরুত্বপুর্ন রাস্তাটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষণ পাল জানান, পল¬ী সড়ক ও রক্ষণাবেক্ষণ কর্মসুচি ২০১৯-২০ এর আওতায় উক্ত রাস্তাটির প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com