বড়লেখায় স্কুলের ভবন নির্মাণ কাজে অনিয়ম : কম থিকনেসে বেইজ ঢালাই

May 29, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজে অনিয়ম চলছে। কম থিকনেসে ফাউন্ডেশনের বেইজ ঢালাই করে তা মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন ঠিকাদারের সাইট ম্যানেজারকে কম থিকনেসের ঢালাই বেইজ পুনরায় সঠিকভাবে ঢালাই করতে নির্দেশ দিয়েছেন। ভবনের ভীতেই নিুমানের কাজে এর স্থায়ীত্ব নিয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দে উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের ৪ তলার একাডেমিক ভবনের নির্মাণ কাজের টেন্ডার পায় সিলেটের তুহিন কনষ্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। বছরের ১৬ অক্টোবর ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালিন জাতীয় সংসদের হুইপ (বর্তমান বন ও পরিবেশ মন্ত্রী) শাহাব উদ্দিন এমপি। নির্মাণ কাজের শুরুতেই অনিয়ম চালিয়ে যায় ঠিকাদারের মিস্ত্রিরা।  

সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা হারিছ আলী, সয়েফ উদ্দিন আহমদ, সায়দুর রহমান প্রমূখ অভিযোগ করেন ভবনটির ফাউন্ডেশন কাজেই চরম অনিয়ম করা হয়। বালু ও কংক্রিট চালনি ছাড়াই ব্যবহার হচ্ছে। কম সিমেন্টে সিসি ঢালাই দেয়া হয়। কম থিকনেছে কাঁদা-মাটি মিশ্রিত মসলা দিয়ে বেইজ ঢালাই করে দ্রুত মাটি দিয়ে ঢেকে দেয়ায় এলাকার লোকজন ক্ষুব্দ হয়ে কাজে বাঁধা দেন। পরে শিক্ষা প্রকৌশলের স্থানীয় ইঞ্জিনিয়ার এসে মাটি সরিয়ে সঠিকভাবে পুনরায় বেইজ ঢালাইয়ের নির্দেশ দেন। এছাড়া বেইজ ঢালাইয়ের কাজ একসাথে করার নিয়ম থাকলেও একই বেইজ ২-৩ বারে ঢালাই দেয়া হচ্ছে। এতে অল্প দিনের মধ্যে ভবনটি ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে।

এলাকার বাসিন্দারা আরো জানান, আগামী ৫০ বছরের মধ্যে সরকার থেকে এ স্কুলটি এধরনে বিল্ডিং পাবে কিনা সন্দেহ রয়েছে। কিন্তু ভবনটির ফাউন্ডেশন নির্মাণ কাজে ঠিকাদারের চরম অনিয়মে ভবনের স্থায়িত্ব নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।

এব্যাপারে ঠিকাদারের সাইট ম্যানেজার অজিত দেব জানান, বালু চালনি করার প্রয়োজন নেই। কংক্রিট মেশিনে নেটিং করা রয়েছে। মান সম্পন্নই কাজ চলছে। বেইজ ঢালাইয়ে মেশিন নষ্ট হওয়ায় একদিন একটু সমস্যা হয়েছিল।

স্কুলের প্রধান শিক্ষক উসমান আলী জানান, কাজে অনিয়মের কারণে এলাকার লোকজন প্রায়ই মিস্ত্রিদের সাথে বাক-বিতন্ডা করছেন। তিনি বারবার ঠিকাদারের সাইট ম্যানেজার ও মিস্ত্রিদের নিয়ম অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, বেইজ ঢালাইয়ে অনিয়মের বিষয়টি তার নজরে এসেছে। ঢেকে দেয়া বেইজগুলোর মাটি সরিয়ে সঠিক থিকনেসে ঢালাই করতে তিনি ঠিকাদারের লোকজনকে নির্দেশ দিয়েছেন। তিনটি গ্যাপ ঠিক করা হয়েছে। বাকিগুলোও তিনি দাঁড়িয়ে থেকে ঠিক করাবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com