বড়লেখায় সন্ত্রাসী হামলায় মামলা দেয়ায় বাদিকে হত্যার হুমকি

June 3, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দেয়ায় সঙ্গবদ্ধ আসামীরা প্রকাশ্যে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে হামলায় আহত বাদীর স্ত্রী  ৫ দিন ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, ২৯ মে উপজেলার দক্ষিণভাগ ইউপির গজভাগ গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী রুবি বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী কুকিলা বেগমের ওপর শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে বাড়ির সামনের রাস্তায় সঙ্গবদ্ধভাবে গ্রামের ফারুক উদ্দিন, ফজিল আহমদ, কবির আহমদ, মজাইদ আলী গংরা হামলা চালায়। লাঠি, লোহার রড, কাঠের রোল দিয়ে বেধড়ক পেটানোর কারণে রুবি ও কুকিলা বেগমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সিলেট ওসমানীতে রেফার করেন।

হামলার ঘটনায় আহত রুবি বেগমের স্বামী ইসলাম উদ্দিন ১ জুন হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা প্রকাশ্যে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে।

মামলার বাদী ইসলাম উদ্দিন জানান, তার স্ত্রী ৫ দিন ধরে সিলেট ওসমানীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মামলার পর আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, অভিযোগ পাওয়ার পরই তিনি মামলা নিয়ে কোর্টে এফআইআর করেছেন। বাদীকে হুমকি দেয়ার বিষয়টি তাকে কেউ জানায়নি। আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com