ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

June 11, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সোমবার ঈদ ভ্রমনে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ১০ জুন সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার নিজ বাহাদুরপুর ইউপির উত্তর পকুয়া গ্রামে জালাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হল- উপজেলার হলদিরপার গ্রামের আব্দুল আহাদের মেয়ে লামিয়া আক্তার (১৪) এবং বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের ময়না মিয়ার মেয়ে শাম্মি আক্তার (১২)। নিহতরা সম্পর্কে পরস্পর খালাতো বোন।

এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে, পরিবারের সাথে লামিয়া আক্তার ও শাম্মি আক্তার ঈদুল ফেতর উপলক্ষে বড়লেখায় উত্তর পকুয়া গ্রামে তাদের নানা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে তারা পুকুরে গোসল করতে নামে। সাতার না জানায় দুইজনই অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সিরাজ উদ্দিন ও উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোশাররফ হোসেন পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com