কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে ১৩ প্রার্থীর মনোনয়ন ফরম ক্রয়

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন শনিবার। এ লক্ষে ১০ জুন সোমবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ৩ পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেন। মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা মনোনয়ন ফরম বিতরণ করেন। নির্ধারিত ফি দিয়ে বিকাল ৪টা পর্যন্ত সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমদ জুনেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য এম এ মজিদ।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য রেদওয়ান খাঁন, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন খাঁন, বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ।
সাংগঠনিক পদে মনোনয়নপত্র গ্রহন করেন সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমদ, মইনুল হক বকুল, বদরুল হোসেন খাঁন, দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম ও মোঃ আব্বাছ উদ্দিন।
নির্বাচনী তফশীল অনুসারে ১১ জুন মঙ্গলবার বিকাল ৬টা পর্যন্ত মনোনয়ন দাখিল, সন্ধ্যা ৭টায় বাছাই এবং রাত ১০টা পর্যন্ত প্রত্যাহার।
কাউন্সিলরের সংখ্যা হচ্ছে প্রতিটি ইউনিয়নে কমিটি ভুক্ত ৭১ জন করে মোট ১৩টি ইউনিয়নে ৯২৩ জন এবং আহবায়ক কমিটির ১৩ জন সর্বমোট ৯৩৬ জন। কাউন্সিলে ভোটার হচ্ছেন উপজেলা আহবায়ক কমিটির ১৩ জন, সাথে ১৩ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক মিলে ২৬ জন। মোট ৩৯ জন। ছাপানো ব্যালেটের মাধ্যমে গোপন ভোটে এই ৩৯ জনের ভোটাধিকার প্রয়োগে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হওয়ার সাথে সাথে বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত হবে।
অত:পর নির্বাচিতরা সাবেক আহবায়কের সাথে পরামর্শ করে ১০১ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি গঠন করে মৌলভীবাজার জেলার অনুমোদন নিয়ে কার্যক্রম পরিচালনা করবে।
সম্মেলন ও কাউন্সিল ১৫ জুন শনিবার বিকাল আড়াইটায় কুলাউড়া স্কুল চৌমুহনীস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সাবেক এমপি। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবেদ রাজা।
উল্লেখ্য,গত ৩০ মার্চ জেলা বিএনপির সভাপতি কুলাউড়া উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করে দুটি পৃথক আহবায়ক কমিটি গঠন করে দেন। অত:পর উপজেলা আহবায়ক কমিটি ১৩টি ইউনিয়নে ওয়ার্ড কমিটি এবং পরবর্তীতে সকল ওয়ার্ডের সমন্বয়ে ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন কমিটি নির্বাচিত করা হয়।



মন্তব্য করুন