বড়লেখায় উচ্চ আদালত হতে আগাম জামিন নিয়ে ফের বাদির  ওপর সন্ত্রাসী হামলার চেষ্টা

July 4, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা রুজু করায় সঙ্গবদ্ধ আসামীরা প্রকাশ্যে বাদীকে হত্যার হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি। সম্প্রতি উচ্চ অদালত হতে আগাম জামিন নিয়ে বিবাদীরা ফের বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার চেষ্টা চালানোর অভিযোগ করেছেন মামলার বাদী ইসলাম উদ্দিন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২৯ মে উপজেলার দক্ষিণভাগ ইউপির গজভাগ গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী রুবি বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী কুকিলা বেগমের ওপর শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে বাড়ির সামনের রাস্তায় সঙ্গবদ্ধভাবে গ্রামের ফারুক উদ্দিন, ফজিল আহমদ, কবির আহমদ, মজাইদ আলী গংরা হামলা চালায়। লাঠি, লোহার রড, কাঠের রোল দিয়ে বেধড়ক পেটানোর কারণে রুবি ও কুকিলা বেগমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। আশংকাজনক অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সিলেট ওসমানীতে রেফার করেন। সেখানে ১০ দিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হয়ে তারা বাড়ি ফিরেন। হামলার ঘটনায় আহত রুবি বেগমের স্বামী ইসলাম উদ্দিন গত ১ জুন হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা প্রকাশ্যে বাদীকে হত্যার হুমকি দেয়। এদিকে আসামী ফারুক উদ্দিন গংরা গত ২৩ জুন উচ্চ আদালত হতে দুই সপ্তাহের আগাম জামিন নিয়ে এলাকায় এসে কয়েক দফা বাদির বাড়িতে গিয়ে সন্ত্রাসী হামলার চেষ্টা চালিয়েছে। প্রতিবেশিরা এগিয়ে আসায় তারা পালিয়ে যায়।

বাদী ইসলাম উদ্দিন জানান, মামলা রুজুর পর আসামীরা প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দিয়েছে। প্রধান আসামী ফারুক উদ্দিন আমার মামলার কাউন্টার দিতে তার স্ত্রীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এছাড়া  মহামান্য হাইকোর্ট থেকে দুই সপ্তাহের আগাম জামিন নিয়ে তারা আমার ওপর সন্ত্রাসী হামলার চেষ্টা চালিয়েছে। গত ২ জুলাই কয়েকজন সন্ত্রাসী নিয়ে বাড়িতে ঢুকে অশ্লীল গালিগালাজ করে মামলা তুলে নেয়ার হুমকি দিয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত ফারুক উদ্দিনের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com