ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত

স্টাফ রিপোর্টার॥ অপেক্ষা আর কয়েক ঘন্টার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার।
শনিবার ২০ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, অমর একুশে উদযাপনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধোয়া-মোছার কাজ শেষে চলছে মূল বেদিসহ আশপাশে আল্পনা আঁকার কাজ। রং আর নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হচ্ছে শহীদ বেদি। তুলির আঁচড়ে প্রকাশ পাচ্ছে আল্পনার অবয়ব। আয়োজকরা বলছেন, স্বাস্থ্যবিধি মানতে এরই মধ্যে জারি করা হয়েছে বেশকিছু নির্দেশনা।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নেতৃত্বে মৌলভীবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের শহীদ মিনার প্রাঙ্গণে আল্পনা অংকন ও অমর একুশে পালনের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করেছেন। এসময় আল্পনা অংকনে অংশগ্রহণ করেন মৌলভীবাজার লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি কবিতা ইয়াসমীন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও আইসিটি মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও শিক্ষা মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা।
ভাষার মাসে প্রতিবছর আল্পনার কাজ করা হয়। করোনা পরিস্থিতিতে এবার ভিন্ন আমেজ হলেও প্রতি বছরের ন্যায় আল্পনার কাজ হচ্ছে। আমাদের বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষের আগমন ঘটবে আগামীকাল।
শহীদ মিনার প্রস্তুতিতে কাজ করা এক তরুণী জানান, এখানে কাজ করতে আমার অনেক ভালো লাগে। এখানে ভালোবাসা-শ্রদ্ধা সবকিছু মিলে কাজগুলো হয়।
করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপনের জন্য বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় লোকসংখ্যা নির্দিষ্ট ও মাস্ক পরাসহ বেশ কয়েকটি শর্ত দিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
নিরাপত্তা নিশ্চত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহীদ মিনার এলাকায় ৩ফুট পর পর দুরত্ব থাকবে ও সবাই পর্যায়ক্রমে শহীদ মিনারে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। বিভিন্ন প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা হ্যান্ডমাইক দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রচার চালাবেন।



মন্তব্য করুন