মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রায় ফেব্রুয়ারি মাসে ১৬ দিন

স্টাফ রিপোর্টার॥ ফেব্রুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রার পর্যবেক্ষণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অবস্থান ছিল ১৬ দিন। ফেব্রুয়ারি মাসের মোট ২৮টি দিনের মধ্যে অবশিষ্ট ১২টি দিনের সর্বনিম্ন তাপমাত্রা দেশের অন্যান্য অঞ্চল রয়েছে। সে সব অঞ্চলগুলো হলো- চুয়াডাঙ্গা, তেঁতুলিয়া এবং রাজারহাট।
চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার দেশের শীতপ্রধান অঞ্চল হিসেবে চিহ্নিত। সে সুবাদে এই একালা থেকে শীতের দাপট প্রভাব বিস্তার করেছিল বহুদিন অবধি। চলতি বছরের জানুয়ারিতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যানে ১০টি দিন ঠাঁই করে নিয়েছিল মৌলভীবাজার।
পর্যবেক্ষণে দেখা গেছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি হাঁড়কাপানো শীত জেঁকে বসেছিল পূরো মৌলভীবাজার জেলায়। শীতযন্ত্রের পারদের হিসেবে সেই পরিসংখ্যান গিয়ে ধরা পড়ে শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তারপর থেকে পরপর ৪ দিন শীতের পরিসংখ্যান রেকর্ড করা হয় পর্যায়ক্রমে -৫ ফেব্রুয়ারি ৭ দশমিক ৬ ডি.সে, ৬ ফেব্রুয়ারি ৮ দশমিক ৩ ডি.সে, ৭ ফেব্রুয়ারি ১০ দশমিক ৫ ডি. সে, ৮ ফেব্রুয়ারি ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
এরপর টানা ৮দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রার অবস্থানে ছিল মৌলভীবাজার। ১২ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেই তাপমাত্রা ছিল যথাক্রমে- ১২ ফেব্রুয়ারি ১০ দশমিক ৪, ১৩ ফেব্রুয়ারি ১১ দশমিক ২, ১৪ ফেব্রুয়ারি ১০ দশমিক ৫, ১৫ ফেব্রুয়ারি ১১ দশমিক ৪, ১৬ ফেব্রুয়ারি ১১ দশমিক ২, ১৭ ফেব্রুয়ারি ১০ দশমিক ৯, ১৮ ফেব্রুয়ারি ১২ দশমিক ৩ এবং ১৯ ফেব্রুয়ারি ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
২২ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি মাসের শেষ ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল যথাক্রমে ১১ দশমিক ৫, ১১ দশমিক ৯ এবং ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াসে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, ‘দেশের পূর্বাঞ্চলের মাঝে সবচেয়ে শীতপ্রধান অঞ্চল মৌলভীবাজার। ভৌগলিকগত কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রাটা সবসময় কম থাকে। এখানে বৃষ্টিও বেশি হয়। পাহাড়, টিলাসহ চারপাশের জায়গাটা অপেক্ষাকৃত উঁচু রয়েছে। সেই সাথে মাঝে মাঝে চা বাগানের বিভিন্ন টিলাগুলো নিচে নেমে গেছে। ফলে ঠিকমত ক্লাউড (মেঘ) দাঁড়াতে পারে না, তাপমাত্রার প্রেসার (চাপ) যেভাবে বিন্যাস হওয়ার কথা সেভাবে হয় না। এজন্য এখানকার তাপমাত্রাটা অনুপাতিক হারে এক থাকে না। ফলে বৃহত্তর সিলেটের অন্য অঞ্চল থেকে মৌলভীবাজারে শীত অনুভূত হয় বেশি।’
পর্যায়ক্রমে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শ্রীমঙ্গলের সেই সর্বনিম্ন গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে বলে জানান এ আবহাওয়াবিদ।
সোমবার ১ মার্চ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার বদরগাছিতে, ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও শ্রীঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।



মন্তব্য করুন