বসন্তের সন্ধ্যায় মৌলভীবাজার জেলায় বৃষ্টি

সাইফুল্লাহ হাসান॥ সবেমাত্র শীত শেষ হলো। এখন চলছে বসন্ত। সেই সাথে গরম পড়তেই বসন্তের সন্ধ্যায় নেমে এলো এক পশলা স্বস্তির বৃষ্টি।
শনিবার ৬ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে মৌলভীবাজার শহরে বৃষ্টিপাত শুরু হয়। আধা ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে ভিজিয়ে যায় জেলা শহর।
এদিকে আজ সারাদিন মেঘলা আকাশ থাকার কারনে বিকেলের দিকে শহরে মানুষের চলাচল কমতে শুরু করে। জেলার বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।
বৃষ্টি ও বাতাসের কারনে সাথে সাথেই বিদ্যুৎ চলে যায়। এতে অন্ধকার হয়ে যায় পুরো শহর। শুধু গাড়ির হেডলাইট ও দোকানে জ্বালানো মিটিমিটি আলো লক্ষ্য করা যায়। এতে শহরের মানুষসহ বিশেষ করে দোকানীরা ভোগান্তির মধ্যে পড়েন।
শহরের মুজতবা আলী সড়কের এক চায়ের দোকানি বলেন, বিকেল থেকে বাতাসের কারনে বুঝা গেছে সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। বৃষ্টিপাতের দেড় ঘন্টা হয়ে গেলো, এখনো বিদ্যুতের দেখা নাই। আমরা মোমবাতি জ্বালিয়ে রেখেছি দেকানে।
বড়লেখা উপজেলা ইমাম উদ্দিন নামের একজন কৃষক জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় বৃষ্টি। এখনো একটু একটু বৃষ্টি হচ্ছে। পৌষ ও মাঘ এই সময়টাতে কৃষকেরা বুরো ধান ফলান। মূলত এই সময়ে প্রচুর পানির প্রয়োজন হয়। শুষ্ক মৌসুমে হওয়াতে পানির অভাবে ধানের চারাগুলো প্রায় অচল অবস্থায়ই ছিলো। আজকের একটু বৃষ্টি যেন সেই চারাগুলোর দিক পরিবর্তন করে দিলো।
মৌলভীবাজার পলিটেকনিকের শিক্ষার্থী কামরান আহমদ বলেন, দীর্ঘ একবছর পর বৃষ্টি হলো। দুঃখের বিষয় হলো আমাদের সেমিস্টার ফাইনাল পরিক্ষা চলছে, এই সময়ে বৃষ্টির হওয়ায় বিদ্যুৎ চলে গেছে। এখনো আসেনি, দুই ঘন্টার কাছাকাছি হয়ে গেলো। তাই মোমবাতির আলোতে পড়াশোনা করতে হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে। আজকের এ বৃষ্টি সন্ধ্যার দিকে শুরু হয়। পুরো জেলাজুড়ে এ বৃষ্টিপাত হয়েছে।
তিনি বলেন, শ্রীমঙ্গলে সন্ধ্যা ৭.৫৫টা থেকে ৮.১৫টা পর্যন্ত এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এটি এ মৌসুমের প্রথম বৃষ্টি।



মন্তব্য করুন