ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ বন্ধের দাবিতে মৌলভীবাজার রিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ

June 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনা দুর্যোগের এই দুঃসময়ে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান, ইজিবাইক উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার ২৫ জুন রাতে রিকশা ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ বন্ধের দাবিতে মৌলভীবাজার রিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শহরের গোবিন্দশ্রী আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত ওই প্রতিবাদ সভা থেকে এই দাবি জানানো হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেরা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস,রিকশা শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মোঃ সোহেল মিয়া, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাস, রিকশা শ্রমিক ইউনিয়ন কোদালীপুল আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জসিমউদ্দিন, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খোকন, সৈয়ারপুর আঞ্চলিক কমিটির নেতা মোঃ জসিমউদিন, গোবিন্দশ্রী আঞ্চলিক কমিটির যুগ্ম-আহাবায়ক আবু সুফিয়ান, সদস্য হাসান মিয়া, সিরাজ মিয়া, মোবারক হোসেন, আলাউদ্দিন আহমেদ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন বৈশ্বিক মহামারি মোকাবেলায় কর্মহীন শ্রমজীবী জনগণের জীবন ও জীবিকা রক্ষার পরিবর্তে সরকার ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক, নসিমন-করিমন-ভটভটি-আলমসাধু’র উপর নির্ভর লক্ষ লক্ষ শ্রমজীবী জনগণের জীবনধারণকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। করোনাকালে গত এক বছরে নতুন করে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন এবং ৬২ শতাংশ শ্রমিক কাজ হারিয়েছে। এরকম সময়ে সরকারের এই সিদ্ধান্ত চরম দায়িত্বজ্ঞানহীন। সরকার ব্যাটারি চালিত এসকল রিকশা-ঠেলা ও ইজিবাইক বিক্রিতে কোন বাঁধা দেয়নি,এমন কি এখনও শোরুম খোলে এসব পরিবহণ বিক্রি হচ্ছে। দরিদ্র জনগণ সহায় সম্বল বিক্রি করে এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক কিনে যখন আত্নকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ঠিক তখনই সরকার যানজট ও দূর্ঘটনার অজুহাত তুলে এই বাহনগুলো উচ্ছেদ করতে চাচ্ছে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন শহরের যানজটের মূল কারণ হচ্ছে অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা, অবৈধভাবে রাস্তা দখল, অবৈধ পার্কিং ও সড়কে প্রাইভেট গাড়ির দৌরাত্ম। সরকার শ্রেণিস্বার্থে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে গরিব মানুয়ের উপর খড়্গ হস্ত হয়েছে। এর আগে দূর্ঘটনার অজুহাত তুলে মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন উচ্ছেদ করা হলেও মহাসড়কে দূর্ঘটনা কমার কোন তথ্য সরকার দিতে পারেনি। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে গত মে মাসে সারাদেশে ৪৪১ টি সড়ক দূর্ঘটনায় ৫৬২ জন নিহত এবং ৫৪৯ জন আহত হওয়ার তথ্য তুলে ধরা হয়, যেখানে সবচেয়ে বেশি(২১৭ জন) মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com