মাস্ক ছাড়া বের না হতে পৌর মেয়র ফজলুর রহমানের প্রচারনা

স্টাফ রিপোর্টার॥ ঈদুল আজহাকে সামনে রেখে করোনার সংক্রমণ প্রতিরোধে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল এবং বিভিন্ন সড়কে সচেতনতামূলক প্রচারণায় মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে নেমেছেন ও পৌর কাউন্সিলরগন।
পৌর মেয়র ফজলুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে সরকারি বিধিনিষেধ শিথিল করায় শহরে জনসমাগম বেড়ে গেছে। শপিং মল ও মার্কেটে বাড়ছে মানুষের ভিড়। মৌলভীবাজার শহরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রাস্তায়, হাট-বাজারে ও ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে। পৌরসভার সকল সড়কের ব্যবসায়ীদের উৎসাহিত করতে এই ক্যাম্পেইন চলবে। এ সময় মাস্ক ছাড়া ঘর থেকে বের না হতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পৌরবাসীর সহযোগিতা চান তিনি।
মৌলভীবাজারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। মৃত্যুও থেমে নেই। সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৪২ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন।
গত ২৪ ঘন্টায় ২৭৩টি নমুনা পরীক্ষায় পাঠালে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১.৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৫৪ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৯ শত ৯৯ জন।
অপরদিকে ঈদকে সামনে রেখে বাড়ছে জনসমাগম। পরিস্থিতি মোকাবেলায় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উদ্বিগ্ন ।
শুক্রবার ১৬ জুলাই বিকেলে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান শহরে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। বিভিন্ন সড়কে মাস্ক ব্যবহার নিশ্চিতে সচেতনতামূলক প্রচারণায় হ্যান্ড মাইক নিয়ে নিজে প্রচারণা করেন পৌর মেয়র ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ, ফয়সল আহমদ, আসাদ হোসেন মক্কু, পার্থ সারথী পাল সহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা ।
তাঁরা শহরের চৌমোহনা, সাইফুর রহমান রোড, কুসুমবাগ এলাকাসহ বিভিন্ন সড়কে এবং শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন। এ সময় রিকশা ও সিএনজি চালক এবং যেসব পথচারীদের মাস্ক ছিলো না, তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
সচেতনতামূলক প্রচারণায় মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের না হতে অনুরোধ করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে মাস্ক ব্যবহার ছাড়া ক্রয়-বিক্রয় না করা হয়।



মন্তব্য করুন