মৌলভীবাজারে তেল গ্যাস ফিলিং স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

July 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ প্রশাসনের মৌখিক ও মনগড়া সিদ্ধান্তের কারণে কোনো গাড়িতেই তেল-গ্যাস দেওয়া বন্ধ করে ধর্মঘট পালন করে ফিলিং ষ্টেশন মালিকগন। পরে জেলা প্রশাসনের সাথে সোমবার দুপুরে ফিলিং ষ্টেশন মালিকগন বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেন ফিলিং ষ্টেশন মালিকগন।
সোমবার ২৬ জুলাই দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অরিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অরিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান, ফিলিং ষ্টেশন মালিকগন সহ অন্যন্যরা।
জানা গেছে চলমান করোনার সংক্রামন ও লকডাউন চলাকালে প্রশাসন সিএনজি, টমটম ও ব্যক্তিগত গাড়ীতে তেল বা গ্যাস না দেয়ার জন্য মৌখিক ভাবে নিষেধ করেন। তবে প্রশাসন জরুরী রোগী বহনকারী গাড়ীতে দেয়ার জন্য মৌখিক ভাবে বলেন। এনিয়ে লকডাউন শুরুর পর থেকে প্রশাসন, ফিলিং ষ্টেশন মালিক ও জরুরী রোগী বহনকারীদের বাকবিতন্ডা চলে আসছে।
রোববার ২৫ জুলাই মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশনে গর্ভবতী এক নারী, ২ বছরের অসুস্থ শিশু ও একজন ক্যান্সার রোগীকে নিয়ে পৃথক তিনটি সিএনজি চালিত অটোরিকশা করে আসেন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদের সঙ্গে থাকা চিকিৎসা পত্র দেখে মানবিক কারণে গ্যাস দেন। ওই গ্যাস দেয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফিলিং স্টেশন কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে অটোরিকশার ভেতরে অসুস্থ রোগী রয়েছেন তাৎক্ষণিক দেখান। তা বিচেনায় না এনে একতরফা ভাবে জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে কয়েকদিন পূর্বে ফিলিং স্টেশনের ম্যানেজার ও কর্মচারীকে নিজ প্রতিষ্ঠান থেকে ধরে নেয়ার।
এ সকল ঘটনার প্রেক্ষিতে মৌলভীবাজার সদর উপজেলার ফিলিং স্টেশনের মালিকগন ২৫ জুলাই বিকেল থেকে ফিলিং স্টেশন বন্ধ করে ধর্মঘটে যান। ধর্মঘট চলাকালে সরকারি গাড়ী, এ্যাম্বুলেন্স, কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলার সহ সকল যানবাহনে তেল সরবরাহ থেকে তারা বিরত থাকেন। সৃষ্টি হয় পুরো জেলাজুড়ে অচলাবস্থা।

মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশন ম্যানেজার জিতেন্দ্র রায় বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরিনা রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন জরুরি সেবায় নিয়োজিত গাড়িতে গ্যাস-তেল দেয়ার জন্য। আমরা পুলিশ, সাংবাদিক, অ্যাম্বুলেন্স, জরুরি রোগীবাহী সিএনজিতে গ্যাস দিচ্ছি। রোববার ২৫ জুলাই জরুরি রোগী দেখে ৩টি সিএনজি অটোরিক্সা গ্যাস দেয়ার জন্য ভেতরে ঢুকানো হয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেট এসে বলেন এরা জরুরী রোগী নয়। তাই আমাদের ২ হাজার টাকা জরিমানা করেন।
আমাদের প্রতিষ্ঠানের সুনাম আছে প্রায় ৭০ বছরের। এখানে ৭ জন কর্মচারী রাখলে হয়, সেখানে এখন ১৩-১৪ কাজ করছে। আমাদের অযথা জরিমানা করেছেন। আমরা ধর্মঘটে গিয়ে গ্যাস দেওয়া বন্ধ করতে বাদ্য হয়েছি।

জানা যায় মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী মনোয়ার আহমদ রহমান ও ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার নান্টু দাস বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে বাকি ৬৩ জেলায় এরকম আইন নেই। শুধুমাত্র মৌলভীবাজার জেলায় গ্যাস-পেট্রোল দিতে প্রশাসনের বাঁধা। আমরা লিখিত নির্দেশনা চাইলেও সেটা দেয়া হয়নি। ধর্মঘটের বিষয়টি আমরা সিলেট বিভাগীয় নেতৃবৃন্দকে জানিয়ে ধর্মঘটে যাই।

শ্রীমঙ্গলের কালাপুর মেরিগোল্ড ফিলিং স্টেশনের মালিক ও সিএনজি-ফুয়েল অউনার্স অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের সিনিয়র নেতা সৈয়দ সাইফুল আলী বলেন, প্রশাসনের একজন এসে বলেন রোগীসহ জরুরী সেবায় নিয়োজিত পরিবহনে গ্যাস-পেট্রোল দেওয়া যাবে। আরেকজন এসে জরিমানা করেন। অসুস্থ গর্ভবতী নারীকে বহনকারী সিএনজিতে গ্যাস দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করে দিয়েছেন। এছাড়াও গ্যাস না দিলে সিএনজি চালকরা উৎপাত করে, কেউ কেউ ভাঙচুর করে। তার চেয়ে ফিলিং স্টেশন বন্ধ করে দেয়া ভালো। আমরা পুরো জেলা জুড়েই সকল ফুয়েল ফিলিং স্টেশন বন্ধ রাখি।
সাইফুল আলী আরও বলেন, ২১ ঘণ্টা আমরা ধর্মঘট পালনের পর জেলা প্রশাসনের সাথে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করি। এখন জেলার সকল গ্যাস ও পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম স্বাভাবিক হয়েছে। অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, পুলিশ, প্রশাসন ও জরুরি সেবাদানকারীদের গাড়িতে গ্যাস-পেট্রোল ফুয়েল দেয়া হচ্ছে।
তিনি বলেন, সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাম্প কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের করা মামলাটি আপিল করলে তা নিষ্পত্তি করা হবে।
এ ব্যাপারে সোমবার ২৬ জুলাই জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ফিলিং স্টেশন মালিকদের নিয়ে বৈঠক হয়েছে। ওই বৈঠকে জরুরী সেবায় নিয়োজিত যানবাহনকে তেল ও গ্যাস দেয়ার সিদ্ধান্ত হয়। তাদেরকে সরকারি প্রজ্ঞাপনের একটি কপিও দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ প্রজ্ঞাপন
১. খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ কল-কারখানা।
২. কোরবানির পশুর চামড়া পরিবহণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ।
৩. ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প।
কঠোর লকডাউন সম্পর্কিত ২৩ নির্দেশনা
গত ১৩ জুলাই জারি করা প্রজ্ঞাপনে যেসব বিধিনিষেধ মানার কথা বলা হয়েছে-
১. সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
২. সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
৩. শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে।
৪. সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
৫. সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।
৬. জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক [বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি], রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।
৭. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
৮. ব্যাংকিং/বীমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
৯. সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।
১০. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন-কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ/বিক্রয়, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি করপোরেশন/পৌরসভা (পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম), সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।
১১. বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় খোলা রাখার বিষয়ে অর্থ বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
১২. জরুরি পণ্য পরিবহণে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ড ভ্যান/নৌযান/পণ্যবাহী রেল/ফেরি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।
১৩. বন্দরগুলো (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিস এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।
১৪. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।
১৫. অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬. টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।
১৭. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।
১৮. আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট/প্রমাণ প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবেন।
১৯. স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দেবে।
২০. ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।
২১. জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয়ে সভা করে সেনাবাহিনী, বিজিবি/কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সেইসঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
২২. জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখাক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।
২৩. সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এর আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com