চাচা-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে মারাগেলেন বৃদ্ধা
স্টাফ রিপোর্টার॥ বড়লেখায় চাচা-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আয়শা বেগম ছায়া (৭০) নামক এক বৃদ্ধা। ঘটনার অধিকতর তদন্তের জন্য পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির বোয়ালী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত আয়শা বেগম মৃত আব্দুল খালিক খানের স্ত্রী। তিনি মুসলিম উদ্দিনের মা ও রুবেল আহমদের দাদি।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোবাইল ব্যবহার নিয়ে চাচা মুসলিম উদ্দিন ও ভাতিজা রুবেল আহমদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে সেই ঝগড়া হাতাহাতিতে রূপ নিলে তা থামাতে এগিয়ে যান মুসলিম উদ্দিনের মা ও রুবেলর দাদি বৃদ্ধা আয়শা বেগম। এসময় তিনি হার্টএটাক করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মাসুক উদ্দিন জানান খবর পেয়ে পুলিশ নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে পরদিন সকালে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন