বড়লেখায় বিজিবির অভিযান : সীমান্ত থেকে বিপুল পরিমাণ অ/স্ত্র ও বি/স্ফো/রক উদ্ধার

স্টাফ রিপোর্টার : বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুধবার রাতভর অভিযানে উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।
৫২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: আতাউর রহমান প্রেস ব্রিফিং করে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্তবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে দেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী নিয়ে আসার পরিকল্পনা করছিল। সীমান্তবর্তী অঞ্চলের দুর্গম পাহাড়ি এবং ঘন জঙ্গলবেষ্টিত ভূখণ্ডকে কাজে লাগিয়ে চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তাদের এই অপতৎপরতা বাস্তবায়নের চেষ্টা চালায়।
এই গোপন সংবাদ পাওয়ার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ ৫২ ব্যাটালিয়ন তাৎক্ষণিকভাবে তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করে। একই সাথে সম্ভাব্য রুটগুলোতে বিশেষ টহল ও তল্লাশি অভিযান শুরু করা হয়।
অভিযানের একপর্যায়ে চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা উক্ত এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে নিম্নলিখিত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩টি বিদেশি পিস্তল,২৪টি ডেটোনেটর, ২৩টি পাওয়ার জেল (উচ্চ বিস্ফোরক), ১৫ মিটার ডেটোনেটিং কর্ড।
উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকের উৎস, চূড়ান্ত গন্তব্য এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, দেশের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে সীমান্ত পথে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান রোধ করার মাধ্যমে দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।
সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা সতর্ক এবং অঙ্গীকারবদ্ধ।




মন্তব্য করুন