বড়লেখায় বৈরী আবাহাওয়ার অন্ধকারে মোমবাতির আলোয় এসএসিসি ও সমমানের পরীক্ষা

April 28, 2026,

আব্দুর রব : বড়লেখায় দফায় দফায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ লাইন। শনিবার দুপুর থেকে নেই বিদ্যুৎ সরবরাহ। দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়া আর বিদ্যুৎ বিভ্রাটে ২৮ এপ্রিল মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার ৯টি পরীক্ষা কেন্দ্রের অধিকাংশ কক্ষের পরীক্ষার্থীদের মোমবাতির আলোয় দিতে হয়েছে পরীক্ষা। যদিও পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ মোমবাতি সরবরাহ করেছে। এরপরও অন্ধকারে নানা ভোগান্তি পোয়াতে হয়েছে পরীক্ষার্থীদের।

অভিভাবক মহল থেকে দাবি ওঠেছে, আগামিতে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যেন নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শিক্ষা বোর্ডগুলো।

সরেজমিনে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও দাসেরবাজার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে বেশ কয়েকটি কক্ষ বৈরী আবহাওয়ায় বিদ্যুৎহীন থাকায় অন্ধকারাচ্ছন্ন। কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারগণ (সরকারি কর্মকর্তা) অন্ধকারাচ্ছন্ন কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নিচ্ছেন। বাতাসে মোমবাতির আলোর হেলাধোলায় ভোগান্তি নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, পরীক্ষা শুরু থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করে। কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এসব প্রতিকুলতা চিন্তা করে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের বিকল্প হিসেবে মোমবাতি সংগ্রহে রাখতে কেন্দ্র প্রধানদের নির্দেশ দেওয়া হয়। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন মঙ্গলবার বেশ কয়েকটি কেন্দ্রের অধিকাংশ কক্ষে মোমবাতির আলোয় পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com