হজের স্বপ্নে ডুবে থাকা এক অদেখা হৃদয়ের কান্না

বশির আহমদ : হজের কথা শুনলেই বুকের ভেতর এক অজানা কম্পন জাগ্রত হয়। পবিত্র কাবা শরীফ, আরাফাতের ময়দান, মিনা-মুযদালিফার সেই পবিত্র স্মৃতিগুলো যেন দূরের আলো, শুধু কল্পনায় ভেসে ওঠে, বাস্তবে ছোঁয়া হয় না। আরাফার ময়দানে ইহরামের সাদা কাপড় পরার সেই মুহূর্তের কল্পনাই হৃদয়কে অস্থির করে তোলে। হে দয়াময় মাওলা!
আমি তো আজও হজের সফরে সেই পবিত্র কাবা শরীফ দেখতে পারিনি, ৯ই জিলহজ্জে আরাফার ময়দানে দাঁড়িয়ে অশ্রু ঝরাতে পারিনি। তবুও হৃদয়ের গভীরে এক অদম্য আশা-একদিন তোমার ডাকে সাড়া দিয়ে লক্ষ হাজীদের ভিড়ে আমিও তোমার পবিত্র ঘরের মেহমান হব। নবী করীম (সা.)-এর পবিত্র কদমের উছিলায় আমার এই জ্বলন্ত হৃদয়কে শান্ত করে দাও। মনের সমস্ত ব্যথা, না-পাওয়ার কষ্ট, জীবনের ক্লান্তি-সব তোমার দরবারে সোপর্দ করছি।
আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন-হজের মৌসুমে বাইতুল্লাহর তাওয়াফ করা, উকুফে আরাফা, মিনা মুজদালিফায় অবস্হান, আর পাক মদিনায় গিয়ে তোমার প্রিয় নবী (সা.)-এর রওজার সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে সালাম জানানো।
হে রব্বে করিম!
সেই সৌভাগ্য আমার নসিবে লিখে দাও, যদিও আমি এখনো এ বিষয়ে কল্পনাও করতে পারছি না। তোমার কুদরতি মদদের আশায় অপেক্ষমাণ।
হে আল্লাহ! তুমি ডাকলে কেউ ফিরিয়ে দিতে পারে না। কোনো বাঁধাই আটকাতে পারে না। দীর্ঘ পথ ছোট হয়ে আসে, মকসুদে মঞ্জিলে পৌঁছা সহজ হয়ে যায়। তাই দয়া করো, মায়া করো, অধম কাঙালকে ডেকে নাও। এই কাঙাল বান্দা-যার এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, তার বুকের ভেতর শুধু আকাঙ্ক্ষা আর অপেক্ষা।
হে রব্বে করিম!
যারা পবিত্র হজ করেছেন, তাদের বারবার সেই পবিত্র সফরের তাওফিক দান করো। আর আমাদের মতো বঞ্চিতদেরও সেই দরবারের মেহমান বানিয়ে নাও।
আমি গুনাহগার, আমি অক্ষম, আমি অসহায়-তবুও তোমার রহমতের দরজা আমার জন্য বন্ধ নয়। তোমার একটুখানি দয়া পেলেই আমার ভাঙা জীবন পূর্ণতা পাবে।
হে পরওয়ারদিগারে আলম!
আমার সব স্বপ্ন, সব কান্না, সব আকাঙ্ক্ষা-তোমারই হাতে সোপর্দ। আমাকে তুমি তোমার ঘরের দিকে একদিন হলেও কবুল করে নাও এবং আমার মতো সকল কাঙালকে সোনার মক্কা-মদিনা জিয়ারত কবুল করো। আল্লাহ! তোমার নবীর কোনো উম্মতকে রওজা শরীফ না দেখিয়ে কবরের ডাক দিয়ো না। আমিন।
দোয়া প্রার্থী : বশির আহমদ, মৌলভীবাজার সদর।



মন্তব্য করুন