চা শ্রমিকদের জন্য স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন

March 6, 2018,

ইমাদ উদ দীন॥  স্বাস্থ্য তথ্য ও সেবা ভিত্তিক বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে মৌলভীবাজারের চা বাগানগুলোতে। এলাকায় চলমান এ আয়োজনের নাম-স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন। হতদরিদ্র চা শ্রমিকদের মধ্যে দেওয়া হচ্ছে এই স্বাস্থ্য সেবা। মৌলভীবাজারের প্রত্যন্ত এলাকায় প্রতিদিন একটি করে চা বাগানে ক্যাম্পেইন চলছে টানা তিন দিন ধরে।

৪ মার্চ  রোববার রাজনগর চা বাগান থেকে শুরু হয়ে পরপর দু’দিন মৌলভীবাজার সদরের মৌলভী ও প্রেমনগর চা বাগানে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জাতিসংঘ শিশু অধিকার তহবিলের সহায়তায় চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা গ্রহনে উদ্বুদ্ধকরণে এবং অনস্পট সেবা প্রদানে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এফআইভিডিবি। আয়োজকরা জানিয়েছেন এ পর্যন্ত ৩ টি ক্যাম্পেইনে অন্তত ৫ শতাধিক সাধারণ চা শ্রমিক বিভিন্ন তথ্য ও সেবা গ্রহন করেছেন। পর্যায়ক্রমে প্রকল্পের আওতাধীন অন্যান্য কর্মএলাকায়ও  ক্যাম্পেইন চলমান থাকবে। চা শ্রমিকদের স্বাস্থ্য ও নাগরিক সেবার সুযোগ সৃষ্টিতে চা বাগান ব্যবস্থাপকগন আয়োজকদের সাথে একাত্ম হয়ে এসকল ক্যাম্পেইন উদ্ধোধন করে দিচ্ছেন। প্রতিদিন আয়োজন চলাকালে রাজনগর চা বাগানে ব্যবস্থাপক রেজওয়ানুল আলম, মৌলভী চা বাগান ম্যানেজার নজরুল ইসলাম মামুন ও প্রেমনগর চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন স্ব স্ব চা বাগানে চলমান এ ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন। এসময় চা বাগানের অন্যান্য কর্মকর্তা, কর্মচারি, স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। ভিন্নধর্মী এ ক্যাম্পেইনে ভিন্ন ভিন্ন বুথে দিনব্যাপী বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে গর্ভবতী মায়েদের চেকআপ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যার বিভিন্ন তথ্য, শিশুদের গ্রোথ মনিটরিং, অপুষ্ট শিশু চিহ্নিতকরণ, অনস্পট জন্ম নিবন্ধন ও রক্তের গ্রুপ নির্ণয়সহ  প্রয়োজনীয় পরার্মশ নিচ্ছেন সেবাগ্রহীতারা। স্থানীয় ও অতিথি চিকিৎসকদের সহযোগিতায় এ চিকিৎসা ও তথ্যসেবা দেওয়া হচ্ছে। মৌলভীবাজারের সংশপ্তক, অলকেয়ারসহ  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা কাজ করছেন রক্তের গ্রুপ নির্ণয়ে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ ও এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের সহায়তায় চলছে জন্ম নিবন্ধন কার্যক্রম। চলমান এ প্রচারাভিযানে এফআইভিডিবির পিসিএসসি প্রকল্পের স্থানীয় কিশোর-কিশোরী দলের সদস্যরাই স্বেচ্ছাসেবক হিসেবে অগ্রণী ভুমিকা পালন করছেন।  ক্যাম্পেইনে ভিন্ন ভিন্ন স্টল সাজিয়ে স্বাস্থ্য তথ্য, ওষুধপথ্য, শিশুখাদ্য, পুষ্টিতথ্য, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যার বিভিন্ন উপকরণ ও জন্মনিবন্ধন প্রক্রিয়াসহ নানা ধরণের প্রদর্শণীরও ব্যবস্থা রাখা হয়েছে।তাছাড়া ক্যাম্পেইন চলাকালে স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ ও গণনাটক পরিবেশন করা হচ্ছে। স্থানীয় কিশোর-কিশোরী দলের সদস্যদের পরিবেশনায় জোনাকী, অগ্রগতি ও সচেতন গণনাট্যদল স্বাস্থ্যতথ্যমুলক বার্তাসম্বলিত বিভিন্ন নাটক প্রদর্শন করছে। আয়োজন সহযোগিতায় কাজ করছেন এফআইভিডিবির পিসিএসসি প্রকল্প কর্মীরা।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com