শ্রীমঙ্গলে শতকোটি টাকার রেলের জমি ফের অবৈধ দখল, ৪ দশকে কোটি টাকার বাণিজ্য

November 28, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ৩শ’ কোটি টাকার রেলের জমি পুনরায় দখলে নিয়েছে অবৈধ দখলকারীরা। চার দশকে দখলদাররা পাকা দোকান-পাট, স্থাপনা নির্মাণ করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এতে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

রেলের শতকোটি টাকার সম্পত্তি উদ্ধারে ২০১৬ সালের ১৬ অক্টোবর এবং ২০১৯ সালের ২৭ নভেম্বর দু’দফা বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেল বিভাগ। এ সময় ভানুগাছ সড়কের মুক্তিযোদ্ধা কৃষি নার্সারি প্রকল্প, অভিজাত রেস্টুরেন্ট, গ্যাস সিলিন্ডারের গুদাম, ফার্নিচারের শো-রুম, সেলুন, চা পাতার দোকান, বাসা বাড়ি, ভেরাইটিজ স্টোর, ফার্মেসি,হার্ডওয়্যারের দোকান, ওয়ার্কশপ, ট্রান্সপোর্ট অফিসসহ শতাধিক পাকা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। উদ্ধার করা জমির চৌহদ্দিজুড়ে লাল ঝণ্ডা বসিয়ে দেয়া হয়। কিন্তু এই অভিযানের আজ এক বছর পূর্ণ হলো। এরই মধ্যে রেলের এসব জমি ধীরে ধীরে দখলদারদের কব্জায় চলে যাচ্ছে। শতকোটি টাকার জমি উদ্ধারে রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনও এখনও নীরব। স্থানীয়রা বলেছেন, পরিকল্পিত লিজ বন্দোবস্ত দিতে না পারায় রেল বিভাগ প্রায় ৩শ’ কোটি টাকা মূল্যের এই ২৮৭ শতক ভূমি থেকে ৪ দশকে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। রেলের এস্টেট বিভাগ সূত্রে জানা গেছে, রেলওয়ের মালিকানাধীন শ্রীমঙ্গল রেল স্টেশন এলাকার ভানুগাছ রোডের পূর্বপাশ সংলগ্ন রূপশপুর মৌজায় জেএল নং ৬৭, খতিয়ান নং-৩, এসএ দাগ-১৭৬১’এ ২৮৭ শতক ভূমি রয়েছে। যার বেশির ভাগই এখন বেদখল।
জানতে চাইলে এই জমির দেখভালের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী/কার্য জুয়েল আহমেদ জানান, উদ্ধারকৃত জমিতে সীমানা দেয়াল দেয়ার জন্য এরই মধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া আবারো দখল ঠেকাতে গত ১৫ জানুয়ারি ২৭নং স্মারকে কুলাউড়া সার্ভে অফিসার কর্তৃৃক শ্রীীমঙ্গল রেলওয়ে থানায় ১৩ জন চিহ্নিত দখলদারের নাম উল্লেখ করে একটি লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। তবে শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি পুলিশের ওসি আলমগীর হোসেন, ‘এ নিয়ে কোনো লিখিত নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, আর এ নিয়ে কিছু বলতে পারবোও না। উচ্ছেদ অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি ভালো বলতে পারবেন।
রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, সাম্প্রতিক মৌলভীবাজার আদালতে নতুন করে দায়ের করা একটি মামলা এই ভূমিতে স্থগিতাদেশ দেয়া হয়েছে। এ নিয়ে রেল বিভাগ থেকে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, সব বাধা মোকাবেলা করে জমি উদ্ধারে খুব শিগগিরই আবারো উচ্ছেদ অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com