ভোক্তা অধিকারের অভিযান ৫ দোকানকে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা

আব্দুর রব॥ বড়লেখায় ভোজ্য তেলের ন্যায্যমূল্য নিশ্চতকরণ ও বাজারে তেলের কৃত্রিম সংকট নিরসনে র্যাব-৯ এর ফোর্স নিয়ে মঙ্গলবার বাজার মনিটরিং অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ। অভিযানের খবরে পেঁয়াজ ও সোয়াবিন তেলের অনেক ডিলার/আড়তদাররা দোকান বন্ধ করে উধাও হয়ে যান। বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ উপজেলার বিভিন্ন বাজার ও পৌরশহরের ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন।
উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয়, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, পাইকারি ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচার প্রদান না করা, মূল্যতালিকা প্রদর্শণ না করা, অতিরিক্ত দামে পাইকারী ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের কাছে ভোজ্য তেল বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার রতুলী বাজারের কাওসার ভেরাইটিজ ষ্টোরকে ২০ হাজার টাকা, জননী ষ্টোরকে ২০ হাজার টাকা, বড়লেখা পৌরশহরের মৌলভীবাজার রোডের ভাই ভাই ষ্টোরকে ২ হাজার টাকা, উত্তর বাজারের হক ব্রাদার্সকে ৫০ হাজার টাকা, মেসার্স মুজিব এন্ড ব্রাদার্সকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানের খবর পেয়ে পৌরশহরের বিভিন্ন কোম্পানীর ভোজ্য তেলের অনেক ডিলার ও পাইকারি ব্যবসায়ি দোকান বন্ধ করে সটকে পড়তে দেখা গেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো. আল-আমিন নানা অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে বিশেষ করে ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রর্দশণপূর্বক ক্রয় ভাউচার সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে তেল সরবরাহের পাশাপাশি পাকা ক্রয় ভাউচার প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।



মন্তব্য করুন