জাতীয় পরিচয়পত্রে জন্মস্থানের ঠিকানা দেয়া হয়েছে ‘ভেনেজুয়েলা’

স্টাফ রিপোর্টার॥ জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে গিয়ে এখন চরম দুর্ভোগ ও দুশ্চিন্তায় পড়েছেন মৌলভীবাজার সদর ও বড়লেখা উপজেলার স্থানীয় বাসিন্দারা। নানা ঝামেলা শেষে যখন এনআইডি কার্ড হাতে এলো তখনই শুরু হলো অন্য এক বিড়ম্বনা। জরুরি প্রয়োজনে নিজেদের সংশোধিত সংশোধনের জন্য আবেদনের প্রেক্ষিতে দীর্ঘদিন পর প্রাপ্ত ওই এনআইডি কার্ড কোনো কাজে না এসে উল্টো দুশ্চিন্তা বাড়িয়েছে। সংশোধিত এনআইডি কার্ডের সব তথ্য সঠিক থাকলেও জন্মস্থানের ঠিকানা দেয়া হয়েছে ‘ভেনেজুয়েলা’। ভুল সংশোধন করতে গিয়ে এখন জন্মস্থানই হয়ে গেছে অন্যদেশ। প্রথমে এক দু’জনের এমন সমস্যায় তেমন গুরুত্ব না দিলেও এখন অনেকেরই কার্ডে একই অবস্থা।
এনআইডি কার্ড নিয়ে দুর্ভোগে পড়া স্থানীয় বাসিন্দারা জানান, জরুরি প্রয়োজনে ছোট একটি ভুল সংশোধন করতে গিয়ে এখন বড় ভুল তাদেরকে পেয়ে বসছে। গেল প্রায় ৮-১০ দিন ধরে নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডি কার্ড ডাউনলোড করলেই কাডের্র জন্মস্থান অংশে ‘ভেনেজুয়েলা’ লিখা আসছে। দুর্ভোগ্রস্তরা জানান একাডেমিক সনদ, পাসপোর্ট, জন্মনিবন্ধন কিংবা পিতা-মাতার কাগজপত্রের সঙ্গে তথ্যগত কিছু অমিলের কারণে অনেকেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য স্থানীয় নির্বাচন কার্যালয়ে আবেদন করেন। অনেক ভোগান্তি ও হয়রানির পর সংশোধন সম্পন্ন হওয়ার বার্তা পেয়ে নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে দেখেন সেখানে দেশের নামই বদলে দেয়া হয়েছে।
মৌলভীবাজার সদর ও বড়লেখা উপজেলার কম্পিউটার প্রিন্টারের একাধিক ব্যবসায়ীরা জানান, গেল প্রায় ৮-১০ দিন থেকে যারাই তাদের সংশোধনকৃত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করছেন সবারই কার্ডের জন্মস্থান ভেনেজুয়েলা লেখা আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মৌলভীবাজার সদর উপজেলার কয়েকজন ভুক্তভোগী জানান, নানা বিড়ম্বনার পর যখন সার্ভার থেকে ডাউনলোড দিয়ে কার্ড হাতে পেয়েছেন তখন থেকে চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ কার্ড বলছে আমরা ভেনেজুয়েলার নাগরিক।
শিউলি বেগম নামের পৌর শহরের এক নারী গণমাধ্যমকর্মীদের জানান, তিনি সংশোধনের জন্য সব ডকুমেন্ট দিয়ে আবেদন জমা দিয়েও বারবার নির্বাচন অফিসে ধরনা দিয়েছেন। যখন সংশোধনের ম্যাসেজ পেয়ে এনআইডি ডাউনলোড করেন তখন দেখতে পান তিনি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন। বড়লেখার বর্নি ইউনিয়নের একজন ভুক্তভোগী বলেন, প্রায় ২ মাস আগে সংশোধনের আবেদন করেছেন। নানা হয়রানির পর এনআইডি ডাউনলোড করে দেখেন তিনি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন। মৌলভীবাজার সদর ও বড়লেখায় অনেকেই বলেন, পাসপোর্ট ও সার্টিফিকেটসহ জরুরি প্রয়োজনের জন্য এনআইডি সংশোধন করেছিলেন। ভুক্তভোগীরা বলছেন এটার দ্রুত সমাধান না হলে তারা আর্থিক ও মানসিক চরম ক্ষতির সম্মুখীন হবেন। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের কাছে তারা জোর দাবি জানান।
বড়লেখা উপজেলা নির্বাচন কর্তকর্তা এসএম সাদিকুর রহমান জানান, ডাটাবেজ সরবরাহে সবগুলোতে দুর্ভাগ্যজনকভাবে জন্মস্থানে ভেনেজুয়েলা চলে আসছে। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। প্রত্যাশা করছেন খুবশিগগিরই এটি তারা সমাধান করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন জানান, এনআইডিতে জন্মস্থানের ঠিকানা ‘ভেনেজুয়েলা’ লিখা আসছে, বিষয়টি জেনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। এটি দ্রুত সমাধান হবে। জেলা



মন্তব্য করুন