বিজয়ের মাসে পথে পথে লাল-সবুজ

শাহরিয়ার খান সাকিব॥ সকাল তখন ৮ টা বেজে ২০ মিনিট। মৌলভীবাজার শহরের সৈয়দ কুদরত উল্লাহ স্কয়ারের (আড়ৎ পয়েন্ট) সামনে লাল-সবুজের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে দুই শিশু। শীতের হিম বাতাসে হাতে পত পত করে উড়ছিল বাঁশের সঙ্গে বেঁধে রাখা পতাকা। শুধু পতাকা নয়, মাথায় ও হাতের জন্য লাল-সবুজের ব্যাজ, বাচ্চাদের জন্য প্লাস্টিকের হাতলসহ পতাকাও বিক্রি করছেন তারা।
পথে-প্রান্তরে, হাটে-বাজারে প্রতি বছর বিজয়ের মাস এলেই এমন ভ্রাম্যমাণ লাল-সবুজের ফেরিওয়ালাদের দেখা মেলে। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ফেরি করে বেড়ান ভ্রাম্যমাণ হকাররা। মনের মাঝে ভালোবাসা আর শ্রদ্ধা যেমন তৈরি করছে তেমনি জীবিকাও জোগাচ্ছে এ পতাকা। এক সময় কথা হয় তাদের সাথে। একজনের নাম ইমন মিয়া (১২) আরেক জনের নাম হোসাইন আহমেদ (১৪)।
ইমন মিয়া জানান, ডিসেম্বর মাস আসলেই হাতে বাঁশে লাল-সবুজের পতাকা নিয়ে বেড়িয়ে পড়েন শহরের বিভিন্ন পথে-প্রান্তরে। আর শুধু ডিসেম্বর মাসেই নয় বিভিন্ন খেলাধুলার সময় তারা বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন। আর এগুলো বিক্রি করেই কোনরকম চলে জীবিকা। হোসাইন আহমেদ বলেন, এ সময়টাতে পতাকা, মাথায় ও হাতে বাঁধার ব্যাজ ও বিজয় দিবসের অন্যান্য সামগ্রী ভালোই বিক্রি হয় তাই আমি শখ করে তার সাথে এই পতাকা বিক্রি করতে নিয়ে বেড়িয়ে পড়েছি।

গাড়িতে, বাড়ির ছাদে, রিকশায় এমনকি দুই চাকার মোটরসাইকেল ও বাইসাইকেলের সামনে দুলছে লাল-সবুজের পতাকা। এই লাল-সবুজ দোলার মাঝে আছে এক অন্য সৌন্দর্য, আছে অহংকারের গল্প। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে মৌলভীবাজারে চলছে সেই সৌন্দর্য প্রদর্শনী।
জানা যায়, ১৯৭১ সালের ২ মার্চ পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র সমাজের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায়। ১৯৭১ সালের ২ মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু হয়েছিল। মূলত ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেওয়ায় সশস্ত্র সংগ্রামের বিকল্প নেই এই চিন্তা থেকেই পতাকা তৈরির পরিকল্পনা করা হয়।
বাঙালির জাতির জীবনে ইতিহাসের সবচেয়ে অভাবনীয় সোনালি অর্জন ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয়। অধরা স্বপ্নগুলো ধরা দেয় গৌরবময় মাস ডিসেম্বরে। পাক হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই মাসে লাখো প্রাণ ও লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে বিজয় ছিনিয়ে এনেছিল এ দেশের মুক্তিকামী মানুষ।



মন্তব্য করুন